তৃণমূলের টিকিট না পেয়েই দলবদল শুভেন্দুর, হাত ধরে পদ্ম শিবিরে নাম লেখালেন নবগ্রামের বিধায়ক

মুর্শিদাবাদের রাজনীতিতে বড়সড় রদবদল। লোকসভা নির্বাচনের আবহে এবার ঘাসফুল শিবির ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিলেন নবগ্রামের প্রভাবশালী নেতা তথা বিদায়ী বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল। বৃহস্পতিবার রাজ্য বিজেপির সদর দফতরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে এবং রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের হাত থেকে পতাকা নিয়ে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে নাম লেখান তিনি। উল্লেখ্য, কানাইবাবুর দীর্ঘ রাজনৈতিক জীবনে এটি তৃতীয়বার দলবদল, যা জেলায় নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করেছে।
মূলত আসন্ন নির্বাচনে টিকিট না পাওয়ার ক্ষোভ থেকেই এই বিদ্রোহ বলে মনে করা হচ্ছে। ২০১১ ও ২০১৬ সালে সিপিএমের টিকিটে জিতলেও ২০২১ সালে তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন। সেবারও ৩৫ হাজার ভোটে জয়ী হন তিনি। তবে এবার তৃণমূল তাঁর বদলে প্রণব চন্দ্র দাসকে নবগ্রাম আসনে প্রার্থী করায় ক্ষুব্ধ হন বর্ষীয়ান এই নেতা। বিজেপিতে যোগ দিয়ে তৃণমূলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন কানাইচন্দ্র মণ্ডল।
নবগ্রামে বিজেপি ইতিমধেই দিলীপ সাহাকে প্রার্থী ঘোষণা করলেও কানাই মণ্ডলের মতো অভিজ্ঞ নেতার অন্তর্ভুক্তি মুর্শিদাবাদে পদ্ম শিবিরকে বাড়তি অক্সিজেন জোগাবে বলে মনে করছেন শুভেন্দু অধিকারী। তিনবারের বিধায়কের এই দলবদলে নবগ্রামের লড়াই এখন কার্যত চতুর্মুখী। একদিকে তৃণমূল ও বিজেপি, অন্যদিকে বাম-কংগ্রেস জোটের প্রার্থীরা ময়দানে রয়েছেন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্ষীয়ান এই নেতার শিবির বদলে এলাকার ভোটব্যাঙ্কে বড়সড় প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।