ফর্ম ৬ নিয়ে ফের রণক্ষেত্র সিইও দপ্তর, মোতায়েন বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

রাজ্যের ভোটার তালিকায় বিজেপি শাসিত রাজ্যের বাসিন্দাদের নাম ঢোকানোর অভিযোগে ফের উত্তপ্ত হয়ে উঠল কলকাতার মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দপ্তর। গত সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের পর থেকেই তৃণমূল কর্মী-সমর্থকদের এই বিক্ষোভ শুরু হয়। বৃহস্পতিবারও ফর্ম ৬ নিয়ে কারচুপির দাবিতে দফায় দফায় উত্তেজনার সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়।
বিক্ষোভের জেরে কমিশনের পক্ষ থেকে কঠোর বার্তা দেওয়া হয়েছে। অসামাজিক কার্যকলাপ বরদাস্ত করা হবে না জানিয়ে নির্বাচন কমিশন স্পষ্ট করেছে যে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। এর আগে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়েরের পাশাপাশি সিইও দপ্তরের সামনে ১৬৩ ধারা জারি করা সত্ত্বেও লাগাতার জমায়েত ও অবস্থান বিক্ষোভ চালায় তৃণমূল সমর্থকরা।
এই পরিস্থিতির প্রেক্ষিতে কমিশন কড়া আইনি পদক্ষেপ গ্রহণ করেছে। বিধিভঙ্গ করে বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে তৃণমূলপন্থী বিএলও সংগঠনের ছয়জন সদস্যের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। কমিশনের অভিযোগ, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি দপ্তরের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছিল। বর্তমানে এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।