মালদহে বিচারকদের আটকে রাখার নেপথ্যে আইএসএফ! প্রার্থী শাহজাহানসহ গ্রেপ্তার ১৮

মালদহে বিচারকদের আটকে রাখার নেপথ্যে আইএসএফ! প্রার্থী শাহজাহানসহ গ্রেপ্তার ১৮

ভোটার তালিকায় নাম না ওঠাকে কেন্দ্র করে মালদহের কালিয়াচকে বিচারকদের আটকে রাখার ঘটনায় চাঞ্চল্যকর মোড় নিয়েছে। এই উত্তপ্ত পরিস্থিতির নেপথ্যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ) জড়িত থাকার অভিযোগে মোথাবাড়ির আইএসএফ প্রার্থী শাহজাহান আলি কাদেরিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে শাহজাহান ছাড়াও আরও ১৮ জনকে জালে তুলেছে প্রশাসন। ঘটনার পর থেকেই অভিযুক্তদের সন্ধানে কালিয়াচক ও সংলগ্ন এলাকায় জোরদার তল্লাশি চালাচ্ছে পুলিশবাহিনী।

গত বুধবার ভোটার তালিকায় নাম না থাকার ক্ষোভ থেকে উত্তপ্ত হয়ে ওঠে মোথাবাড়ি এলাকা। অভিযোগ, কালিয়াচক-২ বিডিও অফিসে এসআইআর-এর কাজে আসা সাতজন জুডিশিয়াল অফিসারকে দীর্ঘ ৭ ঘণ্টা আটকে রাখে উত্তেজিত জনতা। উদ্ধার হওয়া বিচারকদের মধ্যে ৩ জন মহিলা ছিলেন। গভীর রাতে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিচারকদের উদ্ধার করে। এই ঘটনায় নিরাপত্তা ও প্রশাসনিক গাফিলতির অভিযোগে সুপ্রিম কোর্ট রাজ্যের মুখ্যসচিব ও ডিজিপি-সহ পুলিশ সুপারকে শোকজ করেছে।

এই বিশৃঙ্খলার জেরে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাগরদিঘির সভা থেকে সরাসরি বিজেপি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করে একে ‘পরিকল্পিত গেম প্ল্যান’ বলে দাবি করেছেন। তিনি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। অন্যদিকে, আইএসএফ নেতার গ্রেপ্তারির পর এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। বর্তমানে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার মূল ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করার চেষ্টা করছে মালদহ জেলা পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *