কালিয়াচকে বিচারকদের হেনস্তা আইএসএফ প্রার্থীসহ গ্রেফতার ১৮, এলাকায় উত্তেজনা

কালিয়াচকে বিচারকদের হেনস্তা আইএসএফ প্রার্থীসহ গ্রেফতার ১৮, এলাকায় উত্তেজনা

ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল মালদার কালিয়াচক ২ নম্বর ব্লক। বুধবার ব্লক অফিসে কর্মরত সাতজন বিচারককে দীর্ঘক্ষণ আটকে রেখে হেনস্তা ও তাঁদের গাড়িতে হামলার অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এই ঘটনায় জড়িত সন্দেহে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF) প্রার্থী শাহজাহান আলি কাদরীসহ মোট ১৮ জনকে গ্রেফতার করেছে মোথাবাড়ি থানার পুলিশ। ধৃতদের ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে মালদা আদালত।

স্থানীয় সূত্রে খবর, ভোটার তালিকা সংশোধনী নিয়ে বিক্ষোভ চলাকালীন আন্দোলনকারীরা ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। বিকেলে বিচারকরা কাজ সেরে ফেরার সময় কয়েকশো বিক্ষোভকারী তাঁদের পথ আটকায়। অভিযোগ, রাত ১২টা পর্যন্ত বিচারকরা অবরুদ্ধ থাকলেও উদ্ধারে দেরি হয়। শেষ পর্যন্ত উচ্চ আদালত ও নির্বাচন কমিশনের হস্তক্ষেপে মধ্যরাতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী অভিযানে নামে। গাড়ি উদ্ধারের সময় বিক্ষোভকারীদের ইটবৃষ্টির জবাবে বাহিনী লাঠিচার্জ করলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

বর্তমানে কালিয়াচক ও মোথাবাড়ি এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে এবং এলাকায় আধা সামরিক বাহিনী টহল দিচ্ছে। ধৃত আইএসএফ প্রার্থী নিজেকে নির্দোষ দাবি করে রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুললেও, পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতারির দাবি করেছে। ঘটনার জেরে ব্লক অফিসে সংশ্লিষ্ট কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। প্রশাসন এলাকায় শান্তি বজায় রাখার আবেদন জানালেও স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক কাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *