ফুটবল বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম আকাশছোঁয়া, ১০ লক্ষ টাকা ছাড়ানোয় ক্ষোভ সমর্থকদের

ফুটবল বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম আকাশছোঁয়া, ১০ লক্ষ টাকা ছাড়ানোয় ক্ষোভ সমর্থকদের

আগামী ১১ জুন থেকে শুরু হতে চলা ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচের টিকিটের চড়া দাম দেখে চক্ষু চড়কগাছ ফুটবলপ্রেমীদের। ফিফার ‘ডায়নামিক প্রাইসিং’ নীতির কারণে টিকিটের মূল্য সাধারণের নাগালের বাইরে চলে গিয়েছে। ফাইনালের ‘ক্যাটাগরি ১’ টিকিটের দাম ভারতীয় মুদ্রায় ১০ লক্ষ ১৯ হাজার টাকা ছাড়িয়েছে। এমনকি দ্বিতীয় ও তৃতীয় বিভাগের টিকিটের দামও যথাক্রমে ৬.৮৭ লক্ষ এবং ৫.৩৯ লক্ষ টাকায় পৌঁছেছে।

মূল্যবৃদ্ধির পাশাপাশি টিকিট বিক্রির জটিল প্রক্রিয়া নিয়েও বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। লটারি এবং ‘ফার্স্ট-কাম-ফার্স্ট-সার্ভ’ পদ্ধতির কারণে লক্ষ লক্ষ সমর্থক অনলাইনে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও কাঙ্ক্ষিত টিকিট সংগ্রহ করতে পারেননি। প্রযুক্তিগত ত্রুটির কারণে অনেক অনুরাগী সঠিক পোর্টালে প্রবেশ করতে ব্যর্থ হয়েছেন। ব্রাজিল, আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মতো জনপ্রিয় দেশগুলোর গ্রুপ পর্বের ম্যাচের টিকিটের দামও উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে।

এই নজিরবিহীন মূল্যবৃদ্ধি এবং অব্যবস্থার বিরুদ্ধে সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিচ্ছেন সমর্থকরা। ‘ফুটবল সাপোর্টার্স ইউরোপ’ (এফএসই) ইতিমধ্যেই ফিফার এই বিতর্কিত মূল্যের নীতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। নকআউট পর্বের টিকিট ছাড়ার আগেই আকাশছোঁয়া চাহিদা ও চড়া দাম সাধারণ ফুটবলপ্রেমীদের স্টেডিয়ামে বসে খেলা দেখার স্বপ্নকে বড়সড় চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *