রাসেলের রেকর্ড ভেঙে কেকেআর ইতিহাসে ফিল্ডিংয়ের নয়া শিখরে রিঙ্কু সিং

রাসেলের রেকর্ড ভেঙে কেকেআর ইতিহাসে ফিল্ডিংয়ের নয়া শিখরে রিঙ্কু সিং

আইপিএল ২০২৬ আসরে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৬৫ রানে হেরে টুর্নামেন্টে টানা দ্বিতীয় পরাজয়ের স্বাদ পেল কলকাতা নাইট রাইডার্স। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে হায়দরাবাদ নির্ধারিত ২০ ওভারে ২২৬ রানের বিশাল স্কোর খাড়া করে। জবাবে ব্যাট করতে নেমে কলকাতার ইনিংস মাত্র ১৬১ রানেই থমকে যায়। দলের এমন হতাশাজনক পারফরম্যান্সের মাঝেও ব্যক্তিগত অর্জনে উজ্জ্বল হয়ে রইলেন কেকেআরের সহ-অধিনায়ক রিঙ্কু সিং।

এই ম্যাচে ফিল্ডিং করার সময় একটি দুর্দান্ত ক্যাচ নিয়ে কেকেআর ইতিহাসের পাতায় নাম লেখালেন রিঙ্কু। অনুকূল রায়ের বলে অনিকেত বর্মার ক্যাচটি তালুবন্দি করার মাধ্যমেই তিনি ফ্র্যাঞ্চাইজিটির হয়ে সর্বাধিক ক্যাচ ধরার রেকর্ড গড়লেন। এর মাধ্যমে তিনি দলের দীর্ঘদিনের সতীর্থ এবং তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে টপকে গেলেন। ৬১তম ম্যাচে এটি ছিল রিঙ্কুর ৪১তম ক্যাচ, যেখানে রাসেলের ক্যাচ সংখ্যা ৪০টি।

পরাজয়ের গ্লানি থাকলেও রিঙ্কুর এই কীর্তি সমর্থকদের মনে কিছুটা স্বস্তি দিয়েছে। অন্যদিকে দলের ব্যাটিং ব্যর্থতা নিয়ে চিন্তার ভাঁজ ম্যানেজমেন্টের কপালে। অঙ্গকৃষ রঘুবংশীর অর্ধশতক এবং রিঙ্কুর ৩৫ রান ছাড়া আর কেউ বড় স্কোর করতে পারেননি। আগামী ৬ এপ্রিল পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। টুর্নামেন্টের নকআউট পর্বে যাওয়ার লড়াইয়ে টিকে থাকতে হলে পরবর্তী ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানো কলকাতার জন্য এখন সময়ের দাবি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *