মোথাবাড়িকাণ্ডে এনআইএ তদন্তের নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের

মোথাবাড়িকাণ্ডে এনআইএ তদন্তের নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের

মালদার মোথাবাড়িতে বিচার বিভাগীয় কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতেই এই তদন্তভার তুলে দেওয়া হয়েছে। এর আগে কমিশনের কলকাতা অফিস থেকে সিবিআই তদন্তের কথা জানানো হলেও, শেষ পর্যন্ত দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশন এনআইএ-র হাতেই দায়িত্ব সোপর্দ করার সিদ্ধান্ত নেয়।

আদালতের বিশেষ নির্দেশ অনুযায়ী, আগামী ৬ এপ্রিলের মধ্যে সুপ্রিম কোর্টে প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দিতে হবে এনআইএ-কে। এই হামলার নেপথ্যে কারা ছিল এবং স্থানীয় প্রশাসনের কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখবে কেন্দ্রীয় সংস্থাটি। প্রধান বিচারপতি সূর্য কান্ত এই ঘটনাকে আদালতের কর্তৃত্বকে চ্যালেঞ্জ জানানোর একটি সুপরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত চেষ্টা হিসেবে অভিহিত করে কঠোর বার্তা দিয়েছেন।

ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। আইএসএফ প্রার্থীসহ ১৮ জনকে ১০ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। কালিয়াচক ও মোথাবাড়ি থানায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হওয়ার পর সংশ্লিষ্ট এলাকায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। আগামীকাল থেকেই এনআইএ অফিসাররা ঘটনাস্থলে পৌঁছে তাঁদের তদন্ত প্রক্রিয়া শুরু করবেন বলে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *