ছেলের রোগমুক্তিতে নরবলি, ১৩ বছরের মেয়েকে খুনের অভিযোগে মা সহ গ্রেফতার ৩

ঝাড়খণ্ডের হাজারিবাগে কুসংস্কারের এক চরম নৃশংস রূপ সামনে এল। কুসুম্ভা গ্রামে অসুস্থ ছেলের রোগমুক্তির আশায় নিজের ১৩ বছরের মেয়েকেই বলি দিলেন এক মা। এই মর্মান্তিক ঘটনায় পুলিশ অভিযুক্ত মা রশ্মি দেবীসহ জনৈক তান্ত্রিক শান্তি দেবী এবং ভীম রাম নামে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশি তদন্তে উঠে এসেছে যে, ছেলের শারীরিক ও মানসিক ব্যাধি সারাতে এক তান্ত্রিকের পরামর্শে এই নারকীয় হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে।
গত ২৪ মার্চ রামনবমীর উৎসবে যখন পুরো গ্রাম মেতেছিল, ঠিক সেই সুযোগেই এই অপরাধ সংগঠিত হয়। অভিযোগ অনুযায়ী, তান্ত্রিক শান্তি দেবীর নির্দেশে রশ্মি দেবী ও ভীম রাম মিলে ওই কিশোরীকে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর রক্ত সংগ্রহের উদ্দেশ্যে মেয়েটির মাথায় আঘাত করা হয় এবং পরে তার দেহটি একটি বাগানে পুঁতে রাখা হয়। অভিযুক্তরা ঘটনার মোড় ঘোরাতে কিশোরীকে ধর্ষণের পর খুনের গল্প সাজিয়ে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টাও করেছিল।
পুলিশি তদন্তে শেষ পর্যন্ত আসল সত্য প্রকাশ্যে আসে। ধৃত ভীম রামের বিরুদ্ধে এর আগেও একাধিক খুনের মামলা রয়েছে বলে জানা গেছে। হাজারিবাগের এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কুসংস্কারের অন্ধকারে ডুবে এক গর্ভধারিণী মা কীভাবে নিজের সন্তানের জীবন কেড়ে নিতে পারেন, তা নিয়ে উঠছে প্রশ্ন। পুলিশ ধৃতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।