সোহাগ না কি চড়! ফুলশয্যার রাতে স্ত্রীর মারে মাথা ফাটল বরের, এই কাণ্ডে হতবাক পরিবার

উত্তরপ্রদেশের রামপুরের বিলাসপুর এলাকায় বিয়ের প্রথম রাতেই এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল স্থানীয় বাসিন্দারা। পেশায় বেকারি ব্যবসায়ী কানহাইয়া উত্তরাখণ্ডের কিচ্ছা থেকে ধুমধাম করে কনেকে বিয়ে করে বাড়িতে আনেন। কিন্তু বাসর রাতেই দাম্পত্য সুখের বদলে শুরু হয় চরম বিবাদ। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে, শেষ পর্যন্ত পঞ্চায়েত ডেকে বিবাহবিচ্ছেদের মাধ্যমে ঘটনার নিষ্পত্তি ঘটাতে হয়।
ঘটনার সূত্রপাত সোমবার রাতে, যখন প্রথা অনুযায়ী নবদম্পতি ঘরে প্রবেশ করেন। অভিযোগ উঠেছে, বর কানহাইয়া স্ত্রীকে নিজের পা ছুঁয়ে প্রণাম করতে বললে শুরু হয় বচসা। নববধূ সাফ জানিয়ে দেন যে তিনি এই বিয়েতে রাজি ছিলেন না এবং অন্য একজনের সঙ্গে তাঁর দীর্ঘদিনের প্রেম রয়েছে। বিতর্কের এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে নববধূ বরকে সজোরে চড় মারেন এবং চিৎকার শুরু করেন। হইচই শুনে পরিবারের সদস্যরা ঘরে ঢুকে কানহাইয়াকে বিধ্বস্ত অবস্থায় উদ্ধার করেন।
পরদিন মঙ্গলবার সমস্যা সমাধানে দুই পক্ষকে নিয়ে পঞ্চায়েত বসানো হয়। সেখানে আলোচনার বদলে পরিস্থিতি হাতাহাতির রূপ নেয়। অভিযোগ, কনেপক্ষের লোকজন বর কানহাইয়ার ওপর চড়াও হন এবং ইট দিয়ে তাঁর মাথা ফাটিয়ে দেন। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পঞ্চায়েতে নববধূ স্পষ্টভাবে জানিয়ে দেন যে তিনি প্রেমিকের কাছেই ফিরে যেতে চান। অবশেষে আইনি বিচ্ছেদের মাধ্যমে বিয়ের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ওই সম্পর্কের ইতি ঘটে এবং কনে বাপের বাড়ি ফিরে যান।