খেলতে খেলতে ফুটন্ত দুধের পাত্রে পড়ে মৃত্যু ১০ মাসের শিশুর

রাজস্থানের ভরতপুরে এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো ১০ মাসের এক শিশুকন্যার। জেলার নদবাই থানা এলাকার বেহরামদা গ্রামে ফুটন্ত দুধের পাত্রে পড়ে গিয়ে প্রাণ হারায় শিশুটি। পুলিশ সূত্রে খবর, মৃত শিশুটির নাম চাঁদনি। ঘটনার সময় বাড়িতে তার মা প্রীতি উপস্থিত ছিলেন। দুপুরের দিকে দুধ ফুটিয়ে ঠান্ডা করার জন্য ঘরের বিছানার পাশেই রাখা হয়েছিল। সেই সময় শিশুটি বিছানায় খেলছিল। আচমকা ভারসাম্য হারিয়ে সে সরাসরি ফুটন্ত দুধের পাত্রে পড়ে যায়।
কান্নার শব্দ শুনে মা ছুটে এসে অগ্নিদগ্ধ অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন। তড়িঘড়ি তাকে স্থানীয় নদবাই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে ভরতপুরের আরবিএম হাসপাতালে স্থানান্তরিত করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। পেশায় শ্রমিক শিশুটির বাবা সত্যভান ঘটনার সময় কাজের সূত্রে বাড়ির বাইরে ছিলেন।
দুর্ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। পরিবারের পক্ষ থেকে মৃতদেহের ময়নাতদন্ত করতে অস্বীকার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি এবং তারা বিষয়টিকে দুর্ঘটনা হিসেবেই দেখছেন। ময়নাতদন্ত ছাড়াই শিশুটির দেহ স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে বাড়িতে শিশুদের নিরাপত্তার বিষয়ে আরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।