ভোটার ভাগ্য নির্ধারণে সুপ্রিম কোর্টের ডেডলাইন: ৭ এপ্রিলের মধ্যেই চূড়ান্ত ফয়সালা

ভোটার ভাগ্য নির্ধারণে সুপ্রিম কোর্টের ডেডলাইন: ৭ এপ্রিলের মধ্যেই চূড়ান্ত ফয়সালা

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের মুখে এসআইআর (SIR) মামলায় বড় ঘোষণা করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ জানিয়েছে, আগামী ৭ এপ্রিলের মধ্যে বিবেচনাধীন সমস্ত ভোটারের ভাগ্য নির্ধারিত হবে। আদালতের পর্যবেক্ষণ, যথাযথ নথি যাচাই ছাড়া নতুন কোনো নাম গ্রহণ করা যাবে না। তবে বৈধ ভোটারদের গণতান্ত্রিক অধিকার যেন কোনোভাবেই খর্ব না হয়, সেদিকে কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির রিপোর্ট অনুযায়ী, প্রায় ৪৭ লক্ষ মামলার সমাধান হয়েছে এবং প্রতিদিন গড়ে ২ লক্ষ করে কেস নিষ্পত্তি করা হচ্ছে। বাদ পড়া ভোটারদের আবেদনের দ্রুত শুনানির জন্য নির্বাচন কমিশন ইতিমধ্যে অ্যাপেলেট ট্রাইব্যুনাল গঠন করেছে। কমিশনের আইনজীবী আদালতকে জানান, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত যাঁরা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন, তাঁরাই আসন্ন নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

শুনানিতে ‘ফর্ম ৬’ নিয়ে অনিয়মের অভিযোগ উঠলে শীর্ষ আদালত জানায়, অনুমানের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। বিচারপতি জয়মাল্য বাগচী আশ্বস্ত করেছেন যে, কারিগরি কারণে কেউ এই নির্বাচনে ভোট দিতে না পারলেও তাঁর ভোটাধিকার চিরতরে কেড়ে নেওয়া হবে না। আগামী ৬ এপ্রিল বিকেল ৪টেয় এই মামলার পরবর্তী শুনানি হবে, যেখানে চূড়ান্ত তালিকা ও ট্রাইব্যুনালের কাজের অগ্রগতি পর্যালোচনা করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *