শুভেন্দু অধিকারীর মনোনয়ন বাতিলের দাবিতে নির্বাচন কমিশনে তৃণমূলের নালিশ

শুভেন্দু অধিকারীর মনোনয়ন বাতিলের দাবিতে নির্বাচন কমিশনে তৃণমূলের নালিশ

ভবানীপুর ও নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে জোড়া অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস। শাসকদলের দাবি, শুভেন্দু কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে ভোটারদের ভয় দেখাচ্ছেন এবং পুলিশ আধিকারিকদের হুমকি দিচ্ছেন। জনপ্রতিনিধিত্ব আইন লঙ্ঘনের অভিযোগে তাঁকে অবিলম্বে শো-কজ করার পাশাপাশি এই নির্বাচন থেকে অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন।

দ্বিতীয় অভিযোগে তৃণমূল দাবি করেছে, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শুভেন্দু নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া ভিড় সংক্রান্ত নিয়ম ভেঙেছেন। রিটার্নিং অফিসারের কক্ষে নির্ধারিত পাঁচ জনের বেশি ব্যক্তি উপস্থিত ছিলেন বলে অভিযোগ। এই ঘটনায় কমিশনের রিটার্নিং অফিসার ও পর্যবেক্ষকের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছে শাসকদল। কর্তব্যে গাফিলতির অভিযোগে সংশ্লিষ্ট আধিকারিকদের অপসারণের দাবিও জানানো হয়েছে চিঠিতে।

তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগের প্রতিলিপি দিল্লির কেন্দ্রীয় মুখ্য নির্বাচন কমিশনারকেও পাঠানো হয়েছে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে শুভেন্দুর মনোনয়ন বাতিলের জন্য কমিশনের কাছে কঠোর পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছে শাসকদল। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে হেভিওয়েট প্রার্থীদের এই লড়াইকে কেন্দ্র করে বর্তমানে রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *