মোবাইল নম্বরের মতো এবার পোর্ট করা যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টও, আরবিআইয়ের বড় ঘোষণা

ব্যাঙ্কিং পরিষেবায় এক বৈপ্লবিক পরিবর্তনের পথে হাঁটছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বা আরবিআই। মোবাইল নম্বর পোর্টেবিলিটির ধাঁচেই এবার গ্রাহকদের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট পোর্টেবিলিটি সুবিধা আনার ঘোষণা করা হয়েছে। ‘পেমেন্টস ভিশন ২০২৮’-এর অধীনে এই বড় পদক্ষেপের ফলে গ্রাহকরা তাদের বর্তমান অ্যাকাউন্ট নম্বর অপরিবর্তিত রেখেই পছন্দের অন্য ব্যাঙ্কে সুইচ করতে পারবেন।
মূলত ‘পেমেন্ট সুইচিং সার্ভিস’ নামক একটি কেন্দ্রীয় প্ল্যাটফর্ম বা হাব তৈরির পরিকল্পনা করছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। এই সিস্টেমটি ব্যবহারের ফলে গ্রাহকদের এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে যাওয়ার জন্য নতুন করে অ্যাকাউন্ট খোলার প্রয়োজন পড়বে না। পুরনো অ্যাকাউন্ট নম্বরটিই অন্য ব্যাঙ্কে সরাসরি ট্রান্সফার বা স্থানান্তর করা সম্ভব হবে, যা সাধারণ মানুষের হয়রানি অনেকটাই লাঘব করবে।
বর্তমানে কোনও গ্রাহক ব্যাঙ্কের পরিষেবা নিয়ে অসন্তুষ্ট হলে ব্যাঙ্ক বদলাতে চাইলে অ্যাকাউন্ট নম্বর পরিবর্তনের ভয়ে পিছিয়ে আসতেন। বিশেষ করে যে সমস্ত অ্যাকাউন্টের সঙ্গে সরকারি ভর্তুকি, বেতন, বিমা বা ইএমআই-এর মতো অটোমেটিক পেমেন্ট সিস্টেম যুক্ত থাকে, সেগুলি পরিবর্তন করা বেশ সময়সাপেক্ষ ও জটিল প্রক্রিয়া। নতুন এই নিয়মে সেই সব ঝক্কি ছাড়াই অনায়াসেই ব্যাঙ্কিং পরিষেবা বদলানো যাবে।
পেমেন্ট সিস্টেমকে আরও আধুনিক করতে আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রেও নিয়ম পর্যালোচনার পথে হাঁটছে আরবিআই। ক্রস-বর্ডার বা আন্তর্জাতিক ট্রানজাকশন কীভাবে আরও দ্রুত এবং কম খরচে করা যায়, তা নিয়ে গুরুত্ব সহকারে ভাবনাচিন্তা চলছে। এর ফলে বিদেশের সঙ্গে আর্থিক লেনদেন বর্তমানে প্রচলিত ব্যবস্থার চেয়ে অনেক বেশি স্বচ্ছ ও সহজলভ্য হয়ে উঠবে।
প্রযুক্তিগত উৎকর্ষের পাশাপাশি নিরাপত্তার দিকেও বিশেষ জোর দিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক। চেক জালিয়াতি রোধে বাজারে আসতে চলেছে ইলেকট্রনিক বা ‘ই-চেক’ পরিষেবা। পাশাপাশি ডেবিট বা ক্রেডিট কার্ডের মতো ডিজিটাল পেমেন্ট মাধ্যমগুলিকেও যাতে গ্রাহকরা নিজেদের প্রয়োজন অনুযায়ী নিয়ন্ত্রণ বা ডিজেবল করতে পারেন, সেই বিষয়ক প্রযুক্তি আনার পরিকল্পনাও রয়েছে আরবিআইয়ের রোডম্যাপে।