প্রকাশিত SIR-এর অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা, ৫২ লক্ষ নামের নিষ্পত্তি করে বড় পদক্ষেপ কমিশনের

রাজ্যে প্রথম দফার নির্বাচনের প্রাক্কালে বড় পদক্ষেপ গ্রহণ করল নির্বাচন কমিশন। শুক্রবার প্রকাশিত হয়েছে বিশেষ নিবিড় সংশোধন বা SIR-এর অষ্টম সাপ্লিমেন্টারি লিস্ট। কমিশন সূত্রে খবর, এই তালিকায় প্রায় ৫২ লক্ষ নামের নিষ্পত্তি করা হয়েছে, যা আগে চূড়ান্ত খসড়া তালিকায় বিবেচনাধীন বা ‘আন্ডার স্ক্রুটিনি’ অবস্থায় ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে বিচারবিভাগীয় আধিকারিকরা দ্রুততার সঙ্গে এই যাচাইকরণের কাজ সম্পন্ন করছেন।
নির্বাচন কমিশনের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ৫২ লক্ষ আবেদনের নিষ্পত্তি সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে আরও প্রায় ৮ লক্ষ আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। যদি কাজের এই গতি বজায় থাকে, তবে আগামী ৪ দিনের মধ্যেই বাকি নামগুলোর নিষ্পত্তি হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, ৭ এপ্রিলের মধ্যেই যাবতীয় বিবেচনাধীন ভোটারের মামলা সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নিয়েছে কমিশন।
উল্লেখ্য, এবারের ভোটার তালিকায় ৬০ লক্ষের বেশি নাম স্ক্রুটিনির আওতায় ছিল। সূত্রের খবর, রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসারের দফতর এখনও পর্যন্ত ৩৫ থেকে ৪০ শতাংশ নাম তালিকা থেকে বাদ দিয়েছে। ২৩ এপ্রিল রাজ্যের প্রথম দফার নির্বাচন এবং ৬ এপ্রিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন হওয়ায়, তার আগেই ভোটার তালিকা চূড়ান্ত করা কমিশনের কাছে এখন সবথেকে বড় চ্যালেঞ্জ।
এদিকে, মালদার কালিয়াচকে বিচারবিভাগীয় আধিকারিকদের ঘেরাও করার ঘটনার পর তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে যাচাইকরণ প্রক্রিয়ায় নিযুক্ত আধিকারিকদের সুরক্ষায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করছে প্রশাসন। যাদের নাম এই সাপ্লিমেন্টারি তালিকায় নেই, তাঁদের পরবর্তী পদক্ষেপ হিসেবে ট্রাইব্যুনালের দ্বারস্থ হতে হবে। অভিযোগ জানানোর জন্য ইতিমধ্যে রাজ্যের ২৩টি জেলায় ১৯টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।
সাধারণ নাগরিকরা সহজেই বাড়িতে বসে অনলাইনে তাঁদের নাম পরীক্ষা করতে পারবেন। electoralsearch.eci.gov.in, voters.eci.gov.in অথবা ceowestbengal.wb.gov.in—এই তিনটি সরকারি পোর্টালের মাধ্যমে সাপ্লিমেন্টারি তালিকা দেখা যাবে। এ ছাড়াও স্মার্টফোনে ‘ECI Net’ অ্যাপের সাহায্যেও ভোটাররা তাঁদের নামের স্থিতি যাচাই করতে পারবেন। ট্রাইব্যুনালে আবেদনের প্রক্রিয়াটিও সম্পূর্ণ অনলাইনে করার সুবিধা রাখা হয়েছে।