ভারতকে আরও তেল ও সার দিতে চায় রাশিয়া মজবুত হচ্ছে দুই দেশের মৈত্রীর বন্ধন

বিশ্বজুড়ে চলমান অস্থিরতা ও যুদ্ধের আবহের মধ্যেই ভারতের পাশে এসে দাঁড়াল দীর্ঘদিনের মিত্র রাশিয়া। বৃহস্পতিবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে বসেন রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ডেনিস মানতুরোভ। এই বৈঠকে বর্তমান সংকটময় পরিস্থিতিতে ভারতকে আরও বেশি পরিমাণে খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস এবং সার সরবরাহের প্রস্তাব দিয়েছে মস্কো। বিশেষ করে মধ্যপ্রাচ্যে ইজরায়েল-ইরান সংঘাতের জেরে হরমুজ প্রণালী দিয়ে পণ্য সরবরাহ ব্যাহত হওয়ায় ভারতের জ্বালানি ও সার আমদানিতে যে সমস্যার সৃষ্টি হয়েছে, তা মেটাতে মস্কোর এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রুশ উপ-প্রধানমন্ত্রীর আলোচনায় বাণিজ্য, প্রযুক্তি আদানপ্রদান এবং দুই দেশের মধ্যে সংযোগ রক্ষা নিয়ে বিস্তারিত কথা হয়েছে। রুশ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ভারতকে নিরবচ্ছিন্ন তেল ও গ্যাস জোগাতে রাশিয়ার সংস্থাগুলো পুরোপুরি প্রস্তুত। পাশাপাশি, ২০২৫ সালের শেষ নাগাদ ভারতে সারের জোগান ৪০ শতাংশ বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কৃষকদের প্রয়োজনীয় কার্বামাইড তৈরির জন্য দুই দেশ যৌথভাবে একটি প্রকল্প গড়ার কাজও শুরু করেছে, যা ভারতের কৃষি খাতের জন্য বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।
প্রতিরক্ষা ও জ্বালানি ক্ষেত্রেও দুই দেশের সহযোগিতা আরও এক ধাপ এগিয়েছে। ইউক্রেন যুদ্ধের কারণে আটকে থাকা বাকি দুটি ‘এস-৪০০’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্দিষ্ট সময়েই সরবরাহের আশ্বাস দিয়েছে রাশিয়া। উল্লেখ্য, আমেরিকার নিষেধাজ্ঞা কিছুটা শিথিল হতেই ভারত আবারও রাশিয়ার কাছ থেকে সবথেকে বেশি জ্বালানি কিনছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের উপস্থিতিতে এই বৈঠক প্রমাণ করে যে, আন্তর্জাতিক চাপের মুখেও দিল্লির হাত ছাড়ছে না মস্কো। এই সহযোগিতার ফলে প্রতিকূল পরিস্থিতিতে ভারতের জ্বালানি নিরাপত্তা আরও সুনিশ্চিত হলো।