হলফনামায় কোটি কোটি টাকার সম্পদ, বহরমপুরের ভোটে অধীর চৌধুরীর সম্পত্তির খতিয়ান ফাঁস

বহরমপুর বিধানসভা কেন্দ্রের আসন্ন নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। দীর্ঘ সময় লোকসভার সাংসদ থাকলেও, ২০২৪ সালের নির্বাচনে পরাজিত হওয়ার পর তিনি আবারও বিধানসভার লড়াইয়ে ফিরেছেন। হলফনামা অনুযায়ী, অধীর চৌধুরীর হাতে বর্তমানে নগদ ৯৪,৫০০ টাকা এবং চারটি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় সাড়ে ৬ লক্ষ টাকা রয়েছে। এছাড়াও তাঁর ২২ লক্ষ ২৭ হাজার টাকা মূল্যের একটি গাড়ি এবং ২৭ লক্ষ ৬০ হাজার টাকার স্বর্ণালঙ্কার রয়েছে।
প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে, কংগ্রেস প্রার্থীর মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ৬ কোটি ৭৩ লক্ষ ১৫ হাজার ৫০০ টাকা। অন্যদিকে, তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ ২৭ লক্ষ ৯২ হাজার ৩২৯ টাকা। উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের তুলনায় অধীর চৌধুরীর স্থাবর সম্পত্তির পরিমাণে উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে। গত লোকসভা ভোটের সময় তাঁর স্থাবর সম্পত্তি ছিল ২ কোটি ৭৮ লক্ষ ৪০ হাজার টাকা, যা বর্তমানে দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে।
প্রার্থীর হলফনামা অনুযায়ী তাঁর স্ত্রী অতসী চৌধুরীরও বিপুল স্থাবর সম্পত্তি রয়েছে, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৪ কোটি ৩২ লক্ষ ২৮ হাজার ৫০০ টাকা। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ এবং জীবন বীমা মিলিয়ে অধীর চৌধুরীর আর্থিক প্রোফাইল এখন রাজনৈতিক মহলে চর্চার কেন্দ্রবিন্দুতে। ১৯৯৬ সালে নবগ্রামের বিধায়ক হিসেবে রাজনৈতিক সফর শুরু করা অধীর এবার বহরমপুর বিধানসভা আসনটি পুনরুদ্ধারে কতটা সফল হন, সেটাই এখন দেখার বিষয়।