কালিয়াচক কাণ্ড: মূলচক্রী মোফাক্কেরুলসহ ধৃত ৩৫, তদন্তে নামল এনআইএ

মালদার কালিয়াচকে বিচারকদের ঘেরাও এবং হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে মূলচক্রী মোফাক্কেরুল ইসলামকে বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ। এডিজি (উত্তরবঙ্গ) কে জয়রামন জানিয়েছেন, বেঙ্গালুরুতে পালানোর চেষ্টার সময় শিলিগুড়ি পুলিশের হাতে ধরা পড়েন এই আইনজীবী। এই ঘটনায় এখন পর্যন্ত মোট ১৯টি মামলা দায়ের করা হয়েছে এবং আইএসএফ প্রার্থী মৌলানা শাহজাহান আলিসহ ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে।
আদালতের নির্দেশে বৃহস্পতিবার থেকেই এই ঘটনার তদন্ত শুরু করেছে এনআইএ। তদন্তকারীদের দাবি, মোফাক্কেরুল ইসলাম এই হামলার মূল প্ররোচনাকারী এবং তাঁর বিরুদ্ধে তিনটি সুনির্দিষ্ট মামলা রয়েছে। উল্লেখ্য, গত বুধবার কালিয়াচকে বিডিও অফিসে বিচারকদের দীর্ঘক্ষণ আটকে রেখে হেনস্থা ও তাঁদের গাড়িতে হামলার ঘটনা ঘটে। ধৃতদের মালদা জেলা আদালতে তোলা হলে বিচারক ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।
এই নজিরবিহীন হামলার ঘটনায় রাজ্যের প্রশাসনিক শীর্ষকর্তাদের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে আদালত। বিচারব্যবস্থার ওপর এই আঘাতকে ‘আদালতের কর্তৃত্বকে চ্যালেঞ্জ’ হিসেবে গণ্য করে মুখ্যসচিব ও ডিজিপির জবাবদিহি চাওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিচারবিভাগীয় আধিকারিকদের কেন্দ্রীয় বাহিনীর (CAPF) নিরাপত্তা দেওয়া হয়েছে। এই পরিকল্পিত হিংসার নেপথ্যে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ ও কেন্দ্রীয় সংস্থা।