ভোটের আগেই কি বিপাকে শুভেন্দু? প্রার্থি বাতিলের দাবিতে নির্বাচন কমিশনে তৃণমূল

নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলো তৃণমূল কংগ্রেস। অভিযোগ করা হয়েছে যে, তিনি উস্কানিমূলক মন্তব্য করে জনমানসে আতঙ্ক ছড়িয়েছেন। তৃণমূলের দাবি, একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি হয়েও তিনি কেন্দ্রীয় বাহিনীকে উস্কানি দেওয়া এবং বলপ্রয়োগের প্ররোচনা দিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করছেন। ফলে তাঁকে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না দেওয়ার জোরালো আবেদন জানিয়েছে শাসক দল।
সম্প্রতি একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা প্রসঙ্গে বলেন, ‘কেন্দ্রীয় বাহিনীকে পেটাতে হবে, গ্যাস ফাটাতে হবে, বিএনএসের ১৬৩ ধারা লাগাতে হবে, ভালো করে মারলে সোজা হয়ে যাবে।’ এই মন্তব্যের ভিডিও ক্লিপ ও প্রমাণাদি নির্বাচন কমিশনের কাছে পেশ করেছে তৃণমূল কংগ্রেস। তাদের অভিযোগ, এই ধরনের মন্তব্য সরাসরি হিংসাকে প্ররোচিত করে এবং নির্বাচনী আচরণবিধির চরম লঙ্ঘন।
এই ঘটনাকে কেন্দ্র করে বাংলার রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপি শিবিরের পক্ষ থেকে এই অভিযোগকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করা হলেও, নির্বাচন কমিশন বিষয়টি খতিয়ে দেখছে। তৃণমূলের বক্তব্য, শুভেন্দু অধিকারীর মতো নেতার এই ধরণের ভাষা প্রয়োগ আইন-শৃঙ্খলার ওপর প্রভাব ফেলতে পারে। কমিশন এখন এই আবেদনের প্রেক্ষিতে কী পদক্ষেপ নেয়, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।