নোয়াপাড়ায় ‘গুন্ডারাজ’ হঠানোর ডাক তৃণমূলের, প্রচারে বিশেষ থিম সং ও স্লোগান

নোয়াপাড়া বিধানসভা উপনির্বাচনে ‘গুন্ডারাজের’ বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে প্রচার শুরু করল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার ইছাপুরের কালীতলায় দলের কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয় উদ্বোধনের মাধ্যমে এই প্রচারের সূচনা হয়। এদিন ‘শান্তি, শিক্ষা, স্বাস্থ্য চাই—গুন্ডারাজের স্থান নাই’ স্লোগানটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য এবং প্রয়াত নেতা বিকাশ বসুর ভাই প্রদীপ বসু বিশেষ অ্যাপ্রোন পরে কার্যালয়ের উদ্বোধন করেন।
এদিনের কর্মসূচিতে তৃণমূলের থিম সং ও প্রার্থীর জীবনপঞ্জিও প্রকাশ করা হয়। নির্বাচনি কমিটির চেয়ারম্যান মলয় ঘোষ বলেন, বিকাশ বসুর আত্মত্যাগ নোয়াপাড়ায় দলের ভিত শক্ত করেছে এবং তাঁরা বড় ব্যবধানে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য জানান, সাধারণ মানুষ এলাকায় শান্তি ও সংস্কৃতি রক্ষা করতে চান। কোনোভাবেই তাঁরা এলাকায় অপরাধমূলক পরিবেশের পুনরাবৃত্তি মেনে নেবেন না।
অন্যদিকে, ওই দিনই গারুলিয়া ও হালিশহরের দুই প্রভাবশালী নেতার বিরোধী শিবিরে যোগদানের সম্ভাবনা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তবে তৃণাঙ্কুর ভট্টাচার্য সে বিষয়ে গুরুত্ব দিতে নারাজ। তিনি দাবি করেন, বিরোধীদের মনোনীত প্রার্থীর অতীত রেকর্ড নিয়ে সাধারণ মানুষের মনে আতঙ্ক রয়েছে। তাই শান্তির বার্তা দিয়েই তৃণমূল নোয়াপাড়ার মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর পরিকল্পনা করেছে। ⏹