বিশ্বকাপের টিকিট পেতে ব্যর্থ ইটালি ফুটবল মহলে চরম অস্থিরতা

টানা তিনবার বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে পৌঁছাতে ব্যর্থ চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইটালি। বসনিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেওয়ার পর থেকেই দেশজুড়ে সমালোচনার ঝড় বইছে। এই চরম ব্যর্থতার দায়ভার কাঁধে নিয়ে পদত্যাগ করেছেন ইটালিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি গ্যাব্রিয়েল গ্রাভিনা। তাঁর সঙ্গে জাতীয় দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরে দাঁড়িয়েছেন কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফোঁও। আগামী ২২ জুন নতুন সভাপতি নির্বাচনের দিন ধার্য করেছে ফেডারেশন।
দলের এই বিপর্যয়ের মাঝে নতুন করে বিবাদ দানা বেঁধেছে জাতীয় দলের সঙ্গে ক্লাবগুলোর। ফুটবলারদের চোট এবং শিবিরে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে একাধিক ক্লাব কর্তৃপক্ষ। অভ্যন্তরীণ এই ডামাডোলের মধ্যেই এসেছে উয়েফার কড়া হুঁশিয়ারি। ইটালির স্টেডিয়াম ও পরিকাঠামোর শোচনীয় দশা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন উয়েফা সভাপতি আলেকজান্দার সেফেরিন। তিনি সাফ জানিয়েছেন, দ্রুত পরিকাঠামো উন্নত না করলে ২০৩২ সালের ইউরো কাপ আয়োজনের সুযোগ হারাবে দেশ।
ইউরোপীয় ফুটবল সংস্থার পর্যবেক্ষণ অনুযায়ী, জুভেন্টাসের নিজস্ব স্টেডিয়াম ছাড়া ইটালির বাকি অধিকাংশ মাঠই আন্তর্জাতিক মানের নয়। ২০৩২ সালের ইউরো যৌথভাবে আয়োজন করার কথা ইটালি ও তুরস্কের। অক্টোবরের মধ্যে আয়োজক শহরগুলো চূড়ান্ত করার কথা থাকলেও ইটালির বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন উয়েফা। পরিকাঠামোগত আমূল পরিবর্তন না এলে আগামী দিনে বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের স্বপ্ন অধরাই থেকে যেতে পারে ইতালির জন্য।