নির্বাচনের বাজারে নকল মদ রুখতে আবগারি দপ্তরের ব্রহ্মাস্ত্র ‘টকিং পেন’

ভোটের আবহে রাজ্যে নকল মদের কারবার রুখতে অভিনব ‘টকিং পেন’ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে আবগারি দপ্তর। বিভিন্ন নাকা চেকিং পয়েন্টে নজরদারি চলাকালীন উদ্ধার হওয়া মদের বোতল আসল না নকল, তা যাচাই করতেই এই বিশেষ যন্ত্রের প্রয়োগ শুরু হয়েছে। বিশেষত ভিন রাজ্য থেকে আসা কম দামি ও নকল লেবেলযুক্ত মদের অনুপ্রবেশ ঠেকাতেই প্রশাসনিক এই তৎপরতা।
রাজ্যের কৌশলগত গুরুত্বপূর্ণ নাকা পয়েন্টগুলিতে ব্যবহারের জন্য ইতিমধ্যেই ১১০০টি ‘টকিং পেন’ কেনা হয়েছে। এই যন্ত্রটি বোতলের গায়ে থাকা বিশেষ হলোগ্রাম স্ক্যান করলেই মদের সত্যতা নিশ্চিত করবে। আগে দোকানদারদের এই যন্ত্র কেনার নির্দেশ দেওয়া হলেও, এবার সরাসরি সরকারি উদ্যোগে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন পয়েন্টে অভিযান জোরদার করা হচ্ছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, গত কয়েক সপ্তাহে বিপুল পরিমাণ বেআইনি মদ উদ্ধার হয়েছে। এই জালিয়াতি রুখতে পারলে রাজ্যের রাজস্ব ঘাটতি কমানো সম্ভব হবে। প্রশাসনের মতে, ‘টকিং পেন’-এর ব্যবহার শুরু হওয়ায় ভোটের মরসুমে চোরাপথে আসা মদের সরবরাহ বন্ধ করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আরও সহজ হবে।