মৃত সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটাতে নবান্নের বড় পদক্ষেপ, চালু হেল্পলাইন

রাজ্য সরকারের মৃত কর্মচারী ও পেনশনভোগীদের বকেয়া মহার্ঘভাতা (ডিএ) এবং ডিয়ারনেস রিলিফ (ডিআর) প্রদানের প্রক্রিয়া সহজ করতে বিশেষ নির্দেশিকা জারি করল নবান্ন। ২০০৮ সালের ১ এপ্রিল থেকে ২০১৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যেকার বকেয়া অর্থ এখন পাবেন মনোনীত ব্যক্তি বা আইনি উত্তরাধিকারীরা। আবেদনের কাজে সহায়তার জন্য ০৩৩-২২৫৩৫৪১৭ হেল্পলাইন নম্বর এবং (ifms-wb@gov.in) ইমেল আইডি চালু করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৮০ দিনের মধ্যে প্রয়োজনীয় নথি ও ব্যাংক অ্যাকাউন্টের বিবরণসহ সংশ্লিষ্ট দপ্তরের ‘লাস্ট হেড অব অফিস’ বা পেনশন বিতরণকারী কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে। যদি ফ্যামিলি পেনশনভোগী এবং মনোনীত ব্যক্তি অভিন্ন হন, তবে সরাসরি সংশ্লিষ্ট অ্যাকাউন্টে অর্থ পৌঁছাবে। নমিনি না থাকলে আইনি উত্তরাধিকারী হিসেবে প্রয়োজনীয় প্রমাণাদি দাখিল করতে হবে।
২০১৫ সালের আগে মৃত কর্মীদের ক্ষেত্রে কর্তৃপক্ষ এইচআরএমএস আইডি ও ই-সার্ভিস বুক আপডেট করে পাওনা মেটাবে। অন্যদিকে, ২০১৫ সালের পর প্রয়াত কর্মীদের আইএফএমএস (IFMS) ব্যবস্থার মাধ্যমে সরাসরি উত্তরাধিকারীদের অ্যাকাউন্টে অর্থ পাঠানো হবে। প্রতিটি ক্ষেত্রে যথাযথ যাচাইয়ের পরই সরকারি কোষাগার থেকে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করবে অর্থদপ্তর।