নন্দীগ্রামে বিজেপি নেতার দাদাগিরি! প্রকাশ্য দিবালোকে মারধরের ভিডিও ভাইরাল

নন্দীগ্রামে বিজেপি নেতার দাদাগিরি! প্রকাশ্য দিবালোকে মারধরের ভিডিও ভাইরাল

ভোটের আবহে বিজেপি নেতার দাদাগিরিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে নন্দীগ্রামে। নন্দীগ্রাম-১ ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের বৃন্দাবনচক গ্রামে জমি সংক্রান্ত পারিবারিক বিবাদকে কেন্দ্র করে বিমল মাইতি নামে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে বিজেপি জেলা কমিটির সদস্য অশোক করণের বিরুদ্ধে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, ওই ব্যক্তিকে লক্ষ্য করে লাথি ও ঘুষি চালাচ্ছেন বিজেপি নেতা ও তাঁর সঙ্গীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিজের ভাইদের সঙ্গে জমির সীমানা নিয়ে বিবাদ ছিল বিমল মাইতির। বৃহস্পতিবার রাস্তার ধারে জমিতে বেড়া দেওয়ার সময় অশোক করণ সেখানে উপস্থিত হয়ে বিবাদে জড়িয়ে পড়েন। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করে অশোক বাবু দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির মিথ্যা অভিযোগের বিষয়ে কথা বলতে গেলে বচসা হয় মাত্র।

এই ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় উঠেছে। স্থানীয় বিজেপি নেতা শঙ্কর সাউ নিজের দলের নেতার এই আচরণের নিন্দা জানিয়ে দলীয় পদক্ষেপের প্রত্যাশা করেছেন। অন্যদিকে, আইন হাতে তুলে নেওয়ার এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। বর্তমানে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *