মালদহে ভোটার তালিকা বিভ্রাট: উত্তপ্ত উত্তরবঙ্গ, গ্রেপ্তার আইএসএফ প্রার্থীসহ ১৮

মালদহে ভোটার তালিকা বিভ্রাট: উত্তপ্ত উত্তরবঙ্গ, গ্রেপ্তার আইএসএফ প্রার্থীসহ ১৮

ভোটার তালিকা থেকে গণহারে নাম বাদ পড়াকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল মালদহের মোথাবাড়ি। এই ঘটনায় উসকানি ও অশান্তি ছড়ানোর অভিযোগে আইএসএফ প্রার্থী মৌলানা শাহজাহান আলি-সহ ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালত ধৃতদের ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। তবে গ্রেপ্তারি সত্ত্বেও পরিস্থিতির উন্নতি হয়নি, বরং বুধবারের রেশ ধরে বৃহস্পতিবারও মালদহের বিভিন্ন প্রান্তসহ গোটা উত্তরবঙ্গ জুড়ে বিক্ষোভ ও উত্তেজনার পারদ চড়েছে।

বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে ইংলিশবাজার, মানিকচক এবং পুরাতন মালদহে। যদুপুরে পুলিশি অভিযানে বিক্ষোভকারীদের হামলায় পুলিশের গাড়ির কাচ ভাঙচুর করা হয়েছে এবং একজন চালক আহত হয়েছেন। হাতে জাতীয় পতাকা নিয়ে সাধারণ মানুষ রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানান। বিশেষ করে মোথাবাড়িতে বিচারকদের আটকে পড়া এবং জাতীয় সড়ক অবরোধের ঘটনার পর পুলিশ কড়া পদক্ষেপ শুরু করেছে। সিসিটিভি ফুটেজ দেখে অন্যান্য অভিযুক্তদের শনাক্ত করার কাজ চলছে।

আন্দোলনের ঢেউ মালদহ ছাড়িয়ে কোচবিহারের শীতলকুচি এবং জলপাইগুড়ির ময়নাগুড়িতেও পৌঁছেছে। প্রশাসনের আশ্বাসে কিছু জায়গায় অবরোধ উঠলেও জনমানসে ক্ষোভ বজায় রয়েছে। “ভোটাধিকার রক্ষা কমিটি”র ব্যানারে বিভিন্ন রাজ্য সড়ক অবরোধ করে বাসিন্দারা তাঁদের নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছেন। স্থানীয় বিডিও এবং জেলা প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ভোটার তালিকা সংশোধন নিয়ে ধোঁয়াশা কাটেনি। মোথাবাড়ি বিডিও অফিস চত্বর বর্তমানে থমথমে রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *