‘বাংলাকে বঞ্চনাকারীদের উচিত শিক্ষা দিন’, তালডাংরার জনসভা থেকে হুঙ্কার অভিষেকের

‘বাংলাকে বঞ্চনাকারীদের উচিত শিক্ষা দিন’, তালডাংরার জনসভা থেকে হুঙ্কার অভিষেকের

বাঁকুড়ার তালডাংরার বিবড়দা কলেজ ময়দানে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, এসআইআরের নামে সাধারণ মানুষকে হেনস্তা করা হচ্ছে এবং বারবার লাইনে দাঁড়িয়ে নিজেদের বৈধ ভোটার প্রমাণ করতে বাধ্য করা হচ্ছে। তাঁর দাবি, এই নির্বাচন কেবল তৃণমূলকে জেতানোর জন্য নয়, বরং বাংলাকে বঞ্চিত করা শক্তিদের উপযুক্ত শিক্ষা দেওয়ার লড়াই।

কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করে অভিষেক বলেন, নরেন্দ্র মোদি সরকার ১০০ দিনের কাজের টাকা ও গরিবদের আবাসের অর্থ বন্ধ করে দিয়েছে। পালটা তিনি জানান, রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে গৃহহীনদের মাথার ছাদের ব্যবস্থা করেছে এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প অব্যাহত রেখেছে। একইসঙ্গে তৃণমূল ক্ষমতায় ফিরলে ষাটোর্ধ্বদের বার্ধক্যভাতা চালু করার এবং জয়ী প্রার্থীদের মাধ্যমে সরাসরি ফর্ম পূরণের প্রতিশ্রুতি দেন তিনি।

বিজেপিকে প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড বলেন, উন্নয়নের পরিসংখ্যানে বিজেপিকে ‘লেজেগোবরে’ করতে তিনি প্রস্তুত। বিজেপি শাসিত কোনো রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডারের মতো দীর্ঘমেয়াদী আর্থিক সুবিধা প্রদানের উদাহরণ থাকলে তৃণমূল প্রার্থী প্রত্যাহারে রাজি বলে তিনি ঘোষণা করেন। পরিশেষে, ভোটারদের উন্নয়নের পক্ষে রায় দিয়ে বিজেপিকে সমাজ থেকে ঝেঁটিয়ে বিদায় করার জোরালো আহ্বান জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *