তাজপুরে সমুদ্র স্নানে নেমে মৃত্যু সোদপুরের চিকিৎসক দম্পতির

উত্তর ২৪ পরগনার সোদপুরের বাসিন্দা চিকিৎসক দম্পতি কুন্তল চক্রবর্তী (৩৫) ও শৈলজা ভরদ্বাজের মর্মান্তিক মৃত্যু হল তাজপুরের সমুদ্রে। বুধবার রাতে রামনগরের তাজপুর পর্যটন কেন্দ্রের নির্জন সৈকতে স্নান করতে নেমে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, মৃত শৈলজা ডোমকল মহকুমা হাসপাতালের গাইনোকোলজিস্ট এবং কুন্তল সোদপুরের একটি নার্সিংহোমে সার্জন হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় তাজপুর বিশ্ববাংলা উদ্যান সংলগ্ন নির্জন সৈকতে জোয়ারের সময় তাঁরা সমুদ্রে নামেন। স্নান করার সময় শৈলজা নিয়ন্ত্রণ হারিয়ে তলিয়ে যেতে থাকলে তাঁকে বাঁচাতে যান কুন্তল, কিন্তু দুজনেই গভীর জলে নিখোঁজ হন। দীর্ঘক্ষণ পর মৎস্যজীবীদের সহায়তায় দেহ দুটি উদ্ধার করা হয়। পুলিশ তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দম্পতিকে মৃত ঘোষণা করেন।
এই মর্মান্তিক দুর্ঘটনার পর সৈকতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পুনরায় প্রশ্ন উঠছে। ডিএসপি মোহিত মোল্লা জানান, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে নজরদারি বাড়ানো সত্ত্বেও অনেকে তা এড়িয়ে সমুদ্রে নেমে পড়ছেন। বৃহস্পতিবার কাঁথি মহকুমা হাসপাতালে ময়নাতদন্ত শেষে মৃতদেহ দুটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ২০২৩ সালে বিবাহিত এই দম্পতির অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সোদপুর এলাকায়।