ডাবগ্রাম-ফুলবাড়িতে বিজেপির অস্বস্তি শিখা চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে লড়ছেন অলোক সেন

ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে বিজেপির দলীয় কোন্দল প্রকাশ্যে এল। দলের প্রার্থী শিখা চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে নির্দল হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দীর্ঘদিনের বিজেপি কর্মী অলোক সেন। ইতিমধ্য়েই তিনি জেলা প্রশাসনের দপ্তরে জামানতের অর্থ জমা করেছেন এবং শনিবার অনুগামীদের নিয়ে মনোনয়ন দাখিল করবেন বলে জানিয়েছেন।
অলোকবাবুর দাবি, সংগঠনের জন্য দীর্ঘদিন কাজ করলেও দল তাঁকে যোগ্য মর্যাদা দেয়নি। দলীয় কর্মী-সমর্থকদের একাংশের সমর্থন তাঁর সঙ্গে রয়েছে এবং বর্তমান বিধায়ককে পরাজিত করাই তাঁর মূল লক্ষ্য। উল্লেখ্য, ২০২১ সালেও তিনি নির্দল হিসেবে দাঁড়িয়েছিলেন, যদিও পরে নেতৃত্বের অনুরোধে মনোনয়ন প্রত্যাহার করে নেন। এবারও শিখা চট্টোপাধ্যায়কে পুনরায় টিকিট দেওয়ায় তিনি ক্ষুব্ধ।
এদিকে জেলা বিজেপি নেতৃত্ব অলোক সেনের এই পদক্ষেপকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ। জেলা সভাপতি শ্যামল রায়ের মতে, অলোকবাবু বর্তমানে দলের কোনো পদে নেই, তাই তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে কোনো মন্তব্য করার প্রয়োজন নেই। অন্যদিকে, নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকায় এই বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায়।