মনোনয়ন জমা দিয়েই হনুমান জয়ন্তীতে তৃণমূল প্রার্থী রামমোহন রায়

মনোনয়ন জমা দিয়েই হনুমান জয়ন্তীতে তৃণমূল প্রার্থী রামমোহন রায়

জলপাইগুড়িতে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সরাসরি হনুমান জয়ন্তী মহোৎসবে সামিল হলেন ময়নাগুড়ির তৃণমূল কংগ্রেস প্রার্থী রামমোহন রায়। বৃহস্পতিবার ময়নাগুড়ি মাড়োয়ারি জনকল্যাণ সমিতির আয়োজনে ধর্মশালায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি দেবতার আশীর্বাদ প্রার্থনা করেন। দীর্ঘ ৫০ বছর ধরে চলে আসা এই উৎসবে প্রার্থীর উপস্থিতি উদ্যোক্তা ও ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করে।

রামমোহন রায় জানান, তিনি কোনো রাজনৈতিক পরিচয়ে নয়, বরং ঘরের ছেলে হিসেবে প্রতি বছরই এই উৎসবে যোগ দেন। জাতি-ধর্ম নির্বিশেষে এই মিলনমেলায় তিনি সকলের সঙ্গে উৎসবে মেতে ওঠেন। সকাল থেকেই মন্দিরে পুজো, আরাধনা ও কীর্তনের আয়োজন করা হয়। উৎসব কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, রামমোহন রায় বহু বছর ধরেই এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত এবং তাঁর এই আন্তরিকতা সাধারণ মানুষকে মুগ্ধ করে।

পঞ্চাশতম এই বর্ষপূর্তিতে শিলিগুড়ি ও দিনহাটার কারিগরদের তৈরি বিশেষ ভোগের ব্যবস্থা করা হয়। প্রায় হাজার জন ভক্তের জন্য লাড্ডু, জিলিপি ও রকমারি নিরামিষ পদের আয়োজন ছিল। কমিটির সম্পাদক সুনীল খরিয়া ও সদস্য জিতেন্দ্র কুমার হিরাউৎ জানান, এই উৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ, যেখানে দলমত নির্বিশেষে মানুষ একত্রিত হন। প্রসাদ বিতরণের মধ্য দিয়েই এদিন মহোৎসবের সমাপ্তি ঘটে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *