সিউড়িতে মনোনয়ন ঘিরে ধুন্ধুমার: তৃণমূল-বিজেপি বচসায় রণক্ষেত্র জেলা শাসকের দপ্তর

বিধানসভা নির্বাচনের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে উঠল সিউড়ি শহর। জেলা শাসকের দপ্তরের অদূরে তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক বচসা ও স্লোগান-পাল্টা স্লোগান ঘিরে চরম উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
জানা গিয়েছে, এদিন সিউড়ি, সাঁইথিয়া, দুবরাজপুর ও ময়ূরেশ্বর কেন্দ্রের প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার কর্মসূচি ছিল। বিজেপির মিছিলটি তৃণমূলের জেলা কার্যালয়ের কাছে পৌঁছাতেই দু-পক্ষ সম্মুখসমরে চলে আসে। ‘জয় বাংলা’ ও ‘জয় শ্রীরাম’ ধ্বনিতে এলাকা প্রকম্পিত হয়ে ওঠে এবং উভয় পক্ষের কর্মীরা মারমুখী মেজাজে একে অপরের দিকে তেড়ে যান।
উত্তেজনা বাড়লে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী তড়িঘড়ি ব্যারিকেড দিয়ে দুই পক্ষকে সরিয়ে দেয়। পুলিশের বিশেষ তৎপরতায় বড়সড় কোনো সংঘর্ষ না ঘটলেও এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শেষ পর্যন্ত কড়া নিরাপত্তা বেষ্টনীতে প্রার্থীরা তাঁদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।