তাজপুরে সমুদ্রে স্নানে নেমে মৃত্যু সোদপুরের চিকিৎসক দম্পতির

পূর্ব মেদিনীপুরের তাজপুরে সমুদ্রে স্নানে নেমে তলিয়ে গেলেন উত্তর ২৪ পরগণার সোদপুরের এক তরুণ চিকিৎসক দম্পতি। মৃতরা হলেন কুন্তল চক্রবর্তী ও শৈলজা ভরদ্বাজ, যাদের বয়স ৩৫ বছরের মধ্যে। বুধবার তাজপুরের বিশ্ব বাংলা উদ্যানের কাছে সমুদ্রে স্নান করতে নেমে জোয়ারের কবলে পড়ে নিখোঁজ হন তারা। দুজনেই কলকাতার আরজি কর হাসপাতালে কর্মরত ছিলেন।
স্থানীয় মৎস্যজীবীরা দম্পতিকে সমুদ্রে ভাসতে দেখে উদ্ধার করেন। খবর পেয়ে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের বালিসাই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক অনুমান, উত্তাল সমুদ্রে জোয়ারের টাল সামলাতে না পেরেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।
পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং তাঁদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে তালসারিতে শুটিং চলাকালীন এক অভিনেতার মৃত্যুর রেশ কাটতে না কাটতেই তাজপুরের এই জোড়া মৃত্যুর ঘটনায় পর্যটকদের নিরাপত্তা নিয়ে ফের উদ্বেগ ছড়িয়েছে। ওল্ড দিঘা ও তাজপুর উপকূলে প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা বৃদ্ধি করা হয়েছে।