কালিয়াচকে বিচারকদের হেনস্তায় ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট শোকজ করল মুখ্যসচিব ও ডিজিকে

কালিয়াচকে বিচারকদের হেনস্তায় ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট শোকজ করল মুখ্যসচিব ও ডিজিকে

মালদহের কালিয়াচকে সাতজন বিচারককে দিনভর ঘেরাও ও হেনস্তার ঘটনায় তীব্র উষ্মা প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ এই ঘটনায় নির্বাচন কমিশন নিযুক্ত পশ্চিমবঙ্গের মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি, মালদহের জেলাশাসক ও পুলিশ সুপারকে শোকজ করেছে। আগামী সোমবার মামলার শুনানিতে তাঁদের ভার্চুয়ালি উপস্থিত থেকে লিখিত জবাবদিহি করার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতে শুনানির সময় রাজ্য সরকারের আইনজীবীরা দাবি করেন, বর্তমান প্রশাসন নির্বাচন কমিশনের অধীনে থাকায় আইন-শৃঙ্খলার ব্যর্থতার দায় কমিশনেরই। অন্যদিকে, প্রধান বিচারপতি জানান যে তিনি নিজে রাত ২টো পর্যন্ত পরিস্থিতির ওপর নজর রেখেছেন। দুপুর থেকে সাতজন বিচারবিভাগীয় আধিকারিক আটকে থাকলেও তাঁদের উদ্ধারে প্রশাসনের শীর্ষ কর্তাদের উদাসীনতা ও অসহযোগিতাকে অত্যন্ত দুঃখজনক বলে আখ্যা দিয়েছে শীর্ষ আদালত।

উদ্ভূত পরিস্থিতিতে কালিয়াচকের ঘটনার তদন্তভার সিবিআই অথবা এনআইএ-কে দেওয়ার জন্য কমিশনকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি বিচারবিভাগীয় আধিকারিকদের নিরাপত্তা নিশ্ছিদ্র করার কড়া বার্তা দেওয়া হয়েছে। আদালত স্পষ্ট জানিয়েছে, বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালত চত্বরে পাঁচজনের বেশি জমায়েত হওয়া চলবে না এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে মুখ্যসচিব ও জেলা প্রশাসনকে সতর্ক থাকতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *