বিহারে যবনিকা পতন: ১০ এপ্রিল মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার

বিহারের রাজনীতিতে এক ঐতিহাসিক পটপরিবর্তন ঘটতে চলেছে। আগামী ১০ এপ্রিল রাজ্যসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন জেডিইউ প্রধান নীতীশ কুমার। শপথ গ্রহণের পরই তিনি বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন বলে দলের শীর্ষ সূত্রে নিশ্চিত করা হয়েছে। ইতিমধ্যেই তিনি বিহার বিধান পরিষদ থেকে ইস্তফা দিয়েছেন এবং ৯ এপ্রিল তাঁর দিল্লি যাওয়ার কথা রয়েছে।
নীতীশ কুমারের বিদায়ের পর বিহারে প্রথমবারের মতো কোনো বিজেপি নেতাকে মুখ্যমন্ত্রী পদে দেখার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে গেরুয়া শিবিরের পক্ষ থেকে তাঁর উত্তরসূরীর নাম এখনো ঘোষণা করা হয়নি। বিজেপি হাই কমান্ড সঠিক সময়ে চূড়ান্ত নাম প্রকাশ করবে বলে জানানো হয়েছে। নতুন সরকারের গঠন প্রক্রিয়া এপ্রিলের মাঝামাঝি সময়ে শুরু হতে পারে, যেখানে কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
দীর্ঘদিনের অভিজ্ঞ নীতীশ কুমারের উত্তরসূরী হিসেবে নতুন মুখ্যমন্ত্রীর যাত্রা খুব একটা সহজ হবে না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জেডিইউ প্রধানের প্রশাসনিক দক্ষতা ও রাজনৈতিক ইমেজের যে শূন্যস্থান তৈরি হচ্ছে, তা পূরণ করা নতুন নেতৃত্বের জন্য বড় চ্যালেঞ্জ হবে। নীতীশের পদত্যাগের পরেই বিহারের রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই তাকিয়ে গোটা দেশ।