অদম্য সাহস পকেটমারকে ধরতে গিয়ে ট্রেন দুর্ঘটনায় দুই পা হারালেন জিআরপি কনস্টেবল

উত্তরপ্রদেশের গোন্ডা রেল স্টেশনে কর্তব্য পালন করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলেন জিআরপি কনস্টেবল আকাশ সিং। মঙ্গলবার রাতে ১ নম্বর প্ল্যাটফর্মে সুনীল কুমার নামে এক অভিযুক্ত পকেটমারকে আটক করার সময় এই ঘটনা ঘটে। ধৃত যুবক পালানোর উদ্দেশ্যে চলন্ত ডিব্রুগড়-চণ্ডীগড় এক্সপ্রেসে উঠে পড়লে আকাশ তাকে ধরতে পিছু ধাওয়া করেন।
অভিযুক্তকে চলন্ত ট্রেন থেকে টেনে নামাতে সক্ষম হলেও চরম বিপত্তি ঘটে ঠিক সেই মুহূর্তেই। ধস্তাধস্তির জেরে ভারসাম্য হারিয়ে আকাশ প্ল্যাটফর্ম ও রেললাইনের মাঝে পড়ে যান। বিপরীত দিক থেকে আসা ট্রেনের চাকায় তাঁর দুই পা কাটা পড়ে। গুরুতর জখম হওয়া সত্ত্বেও আকাশ সিং অভিযুক্তকে হাতছাড়া করেননি এবং স্থানীয়দের সহায়তায় তাকে শেষ পর্যন্ত পাকড়াও করা হয়।
রক্তাক্ত অবস্থায় আকাশকে উদ্ধার করে দ্রুত গোন্ডা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতির অবনতি হওয়ায় চিকিৎসকরা তাঁকে লখনউ ট্রমা সেন্টারে স্থানান্তরিত করেছেন। বর্তমানে সেখানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। কর্তব্যপরায়ণ এই পুলিশকর্মীর বীরত্ব ও সাহসিকতা দেখে সহকর্মী এবং সাধারণ মানুষ স্তম্ভিত। ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ।