‘ট্রাম্পকে চিনে রাখুন’, আমেরিকার মিসাইল হামলার দাবি উড়িয়ে পালটা হুঙ্কার ইরানের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির মুখে দাঁড়িয়ে কড়া হুঁশিয়ারি দিল ইরান। দেশটির খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি স্পষ্টভাবে জানিয়েছেন যে, ইরানের প্রকৃত সামরিক শক্তি ও কৌশলগত ক্ষমতা সম্পর্কে ওয়াশিংটনের কোনো সঠিক ধারণাই নেই। আমেরিকার দাবি নস্যাৎ করে তিনি দাবি করেন, ইরানের সমরসম্ভার সম্পূর্ণ অটুট রয়েছে।
সম্প্রতি ইজরায়েলের সাথে যৌথ অভিযানে ইরানের ক্ষেপণাস্ত্র কারখানা ও সামরিক ঘাঁটি ধ্বংসের যে দাবি আমেরিকা করেছিল, তাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তেহরান। ইব্রাহিম জোলফাগারি জানান, ইরানের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রযুক্তির কোনো ক্ষতি হয়নি। তাঁর মতে, যেসব স্থানে হামলা চালানো হয়েছে, কৌশলগতভাবে সেগুলোর তেমন কোনো গুরুত্ব ছিল না।
পালটা হুমকিতে ইরান জানিয়েছে, শত্রুপক্ষ বারবার হিসেবে ভুল করছে এবং তাদের সামরিক সক্ষমতা পরিমাপ করা সম্ভব নয়। আমেরিকা ও ইজরায়েলকে কড়া বার্তা দিয়ে মুখপাত্র বলেন, যতক্ষণ না পর্যন্ত আগ্রাসনকারীরা পরাজিত হয়ে আত্মসমর্পণ করছে, ততক্ষণ ইরানের এই লড়াই ও প্রতিরোধ জারি থাকবে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে তেহরানের এই অবস্থান সংঘাতের মাত্রা আরও বাড়িয়ে দিল।