জ্বালানির দামে দিশেহারা পাকিস্তান, সরকারের পাশে দাঁড়িয়ে নেটদুনিয়ায় তীব্র কটাক্ষের মুখে আফ্রিদি

জ্বালানির দামে দিশেহারা পাকিস্তান, সরকারের পাশে দাঁড়িয়ে নেটদুনিয়ায় তীব্র কটাক্ষের মুখে আফ্রিদি

পশ্চিম এশিয়ার চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতা চরম আকার ধারণ করেছে। এর সরাসরি প্রভাব পড়েছে পাকিস্তানের অর্থনীতিতে, যেখানে হু-হু করে বাড়ছে পেট্রোল ও ডিজেলের দাম। এই নজিরবিহীন সংকটের জেরে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সূচি বদলানোর পাশাপাশি দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সেদেশের ক্রিকেট বোর্ড।

জ্বালানির মূল্যবৃদ্ধিতে জনগণের নাভিশ্বাস উঠলেও এই কঠিন সময়ে সরকারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। এক ভিডিও বার্তায় তিনি দেশবাসীকে শান্ত থাকার পরামর্শ দেন। আফ্রিদি বলেন, “বিশ্বব্যাপী সংকটের মাঝেও পাকিস্তান অনেক দেশের তুলনায় ভালো অবস্থায় আছে। বর্তমানে সরকারকে সমর্থন করাই আমাদের প্রধান দায়িত্ব।”

সরকারি ঘোষণা অনুযায়ী, পাকিস্তানে ডিজেলের দাম ৫৪.৯ শতাংশ বৃদ্ধি পেয়ে লিটারপ্রতি ৫২০.৩৫ পাকিস্তানি রুপিতে পৌঁছেছে। অন্যদিকে, পেট্রোলের দাম ৪২.৭ শতাংশ বাড়িয়ে করা হয়েছে ৪৫৮.৪০ রুপি। শুক্রবার থেকেই এই নতুন মূল্য কার্যকর হয়েছে। পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলি পারভেজ মালিক জানান, আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এই কঠোর সিদ্ধান্ত নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না।

আফ্রিদির এমন মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। একদল ভক্ত তাঁর দেশপ্রেমের প্রশংসা করলেও, সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনদের একাংশ। অনেকেই সরাসরি সমালোচনা করে লিখেছেন, সাধারণ মানুষের ভোগান্তির কথা চিন্তা না করে এ ধরনের মন্তব্য করা অনুচিত।

নেটপাড়ার সমালোচকদের মতে, তারকা ক্রিকেটারদের জন্য জ্বালানির বর্ধিত দাম বড় কোনো বিষয় না হলেও, সাধারণ মানুষের দৈনন্দিন খরচ সামলানো এখন আসাম্ভব হয়ে দাঁড়িয়েছে। সরকারের ওপর আস্থা রাখার অনুরোধের বিপরীতে সাধারণ নাগরিকদের একটাই দাবি, ত্যাগ স্বীকারের কথা বলার আগে সরকার যেন মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করার উদ্যোগ নেয়।

বর্তমানে এই জ্বালানি সংকট পাকিস্তানকে এক গভীর অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। একদিকে সরকারের কৃচ্ছ্রসাধন নীতি এবং অন্যদিকে আমজনতার ক্ষোভ—সব মিলিয়ে দেশটির পরিস্থিতি এখন উত্তাল। আফ্রিদির মতো সেলিব্রিটিদের অবস্থান এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *