ইরান-যুদ্ধ বন্ধের ইঙ্গিত ট্রাম্পের, ন্যাটো ত্যাগের হুঁশিয়ারিতে তুঙ্গে উত্তেজনা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, খুব শীঘ্রই ইরান যুদ্ধ থেকে সরে আসবে আমেরিকা। বুধবার ওয়াশিংটনে তিনি দাবি করেন, ইরানে সামরিক অভিযানের মূল লক্ষ্য অর্জিত হয়েছে এবং দেশটির পরমাণু অস্ত্র তৈরির ক্ষমতা বর্তমানে নেই। তবে যুদ্ধ বন্ধের কোনো নির্দিষ্ট সময়সীমা না জানালেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, প্রয়োজনে ‘জায়গা বুঝে’ পুনরায় আঘাত হানবে মার্কিন বাহিনী।
যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে আলোচনার মাঝেই সামরিক জোট ন্যাটোর ওপর ক্ষোভ উগরে দিয়েছেন ট্রাম্প। ইতালি, স্পেন ও ব্রিটেনের মতো সদস্য দেশগুলো মার্কিন জেটকে ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ায় তিনি ন্যাটোকে ‘কাগুজে বাঘ’ বলে কটাক্ষ করেন। এই অসহযোগিতার জেরে জোট থেকে বেরিয়ে আসার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার কথা পুনর্ব্যক্ত করেছেন ট্রাম্প, যা বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে।
এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক খোলা চিঠিতে মার্কিন জনগণকে জানিয়েছেন, তাঁদের সঙ্গে ইরানের কোনো বিরোধ নেই। তাঁর মতে, আমেরিকা ইসরায়েলের হয়ে এই যুদ্ধের বোঝা বইছে। অন্যদিকে, ট্রাম্প ইরানের নতুন নেতৃত্বের প্রশংসা করে যুদ্ধবিরতির প্রস্তাবের দাবি করলেও, ইরানি বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারও জানিয়েছেন, চাপের মুখে নয় বরং জাতীয় স্বার্থেই সিদ্ধান্ত নেবে ব্রিটেন।