৫১ বছর বয়সেও কেন কুমারী, একতা কাপুর বিয়ের পিঁড়িতে না বসার কারণ জানিয়ে বিস্ফোরক টেলি কুইন

ভারতীয় টেলিভিশন জগতের প্রভাবশালী ব্যক্তিত্ব এবং ‘বালাজি টেলিফিল্মস’-এর কর্ণধার একতা কাপুর ৫১ বছর বয়সেও কেন অবিবাহিত, তা নিয়ে কৌতূহলের শেষ নেই অনুরাগীদের। সারোগেসির মাধ্যমে মা হলেও কেন তিনি কনে সাজলেন না, সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই রহস্য ফাঁস করেছেন এই সফল প্রযোজক। একতার দাবি, তাঁর কাজের প্রতি চরম আসক্তিই বৈবাহিক জীবনের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।
একতা জানান, তাঁর ঘনিষ্ঠ বন্ধুরাই তাঁকে বিয়ে করতে সরাসরি নিষেধ করেছিলেন। বন্ধুদের মতে, কাজের প্রতি একতার যে দায়বদ্ধতা, তাতে কোনো সংসার টেকানো তাঁর পক্ষে আসাম্ভব। বন্ধুরা স্পষ্টই বলেছিলেন যে, তাঁর আসল বিয়ে হয়েছে অফিসের কাজের সঙ্গে। রাত জেগে সিরিয়ালের এডিটিং সামলানো এবং অনিয়মিত জীবনযাত্রার কারণে কোনো পুরুষের সঙ্গে মানিয়ে নেওয়া তাঁর পক্ষে কঠিন হবে বলেই মনে করেন তাঁর নিকটজনেরা।
বর্তমানে ভালোবাসা এবং সম্পর্ক নিয়ে বেশ কঠোর দৃষ্টিভঙ্গি পোষণ করেন এই প্রযোজক। একতার মতে, আজকের দিনে ভালোবাসা মানেই সময়ের অপচয় এবং একে অপরকে ব্যবহার করার মাধ্যম। তিনি গত ৩১ বছর ধরে নিজের কাজের সঙ্গেই একটি সফল সম্পর্কে আছেন এবং এখনই সেই সম্পর্কে কোনো বিচ্ছেদ চান না। নির্দিষ্ট বয়সের পর অন্য কারও জন্য নিজের ব্যক্তিগত পরিসর বা ‘স্পেস’ ছেড়ে দেওয়া কঠিন বলেও তিনি মনে করেন।
সন্তান রবি এবং নিজের ক্যারিয়ার নিয়েই বর্তমানে সুখী একতা। বিয়ে নিয়ে তাঁর সোজাসুজি পরামর্শ হলো, যদি সঙ্গীকে দেওয়ার মতো পর্যাপ্ত সময় এবং মানসিক নিষ্ঠা না থাকে, তবে সেই পথে না হাঁটাই বুদ্ধিমানের কাজ। কাজ এবং সন্তানকে ভালোবাসা অনেক বেশি ফলদায়ক বলে মনে করেন এই নির্ভীক নির্মাতা। একতার এই বিস্ফোরক স্বীকারোক্তি বিনোদন জগতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।