ইরানের আকাশসীমায় আছড়ে পড়ল আমেরিকার এফ-৩৫? চাঞ্চল্যকর ভিডিও ঘিরে তুঙ্গে যুদ্ধকালীন উত্তেজনা

আমেরিকার গর্বের এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস করার দাবি করল ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের খাতাম আল-আনবিয়া সদর দফতরের দাবি, সেন্ট্রাল ইরানের মারকাজি শহরের উপরে মার্কিন যুদ্ধবিমানটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম। ধ্বংস হওয়া বিমানের ধ্বংসাবশেষের ভিডিও এবং ছবি প্রকাশ করে ইরান দাবি করেছে, মাঝ আকাশে বিস্ফোরণের পর বিমানটি আছড়ে পড়ায় পাইলটের বাঁচার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ।
সম্প্রতি মার্কিন প্রশাসনের তরফে দাবি করা হয়েছিল যে, ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। তবে আইআরজিসি-র এই নতুন দাবি সেই বক্তব্যকে বড়সড় চ্যালেঞ্জের মুখে দাঁড় করাল। এর আগে গত ১৯ মার্চও একটি এফ-৩৫ লাইটনিং-২ ধ্বংসের দাবি করেছিল তেহরান, যা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক শোরগোল শুরু হয়। ইরানের এই পাল্টা প্রত্যাঘাতের ভিডিও প্রমাণ পেশের পর ওয়াশিংটনের সামরিক কৌশল নিয়ে উঠছে প্রশ্ন।
পাল্টা বিবৃতিতে আমেরিকার সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং কাল্পনিক। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রকের দাবি অনুযায়ী, তাদের প্রতিটি যুদ্ধবিমান সুরক্ষিত রয়েছে এবং তেহরান অতীতেও এই ধরনের অসংখ্য বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে। একদিকে ইরানের ভিডিও প্রমাণ পেশ এবং অন্যদিকে আমেরিকার সরাসরি প্রত্যাখ্যান— দুই দেশের এই বিপরীতমুখী অবস্থানে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে চরম অনিশ্চয়তা ও উত্তেজনা বজায় রয়েছে।