তিন মাসে ২৮ মৃত্যুতে চরম আতঙ্ক, এই গ্রামে মন্দিরের পুরোহিতের নির্দেশে ঘর ছেড়ে জঙ্গলে ডেরা বাঁধলেন গ্রামবাসীরা

তিন মাসে ২৮ মৃত্যুতে চরম আতঙ্ক, এই গ্রামে মন্দিরের পুরোহিতের নির্দেশে ঘর ছেড়ে জঙ্গলে ডেরা বাঁধলেন গ্রামবাসীরা

তেলেঙ্গানার করিমনগর জেলার গাঁদ্রাপল্লী গ্রামে গত তিন মাসে রহস্যজনকভাবে ২৮ জনের মৃত্যুতে চরম আতঙ্ক ও অন্ধবিশ্বাস ছড়িয়ে পড়েছে। মৃতদের তালিকায় কেবল প্রবীণরা নন, রয়েছেন অনেক যুবকও। এই অস্বাভাবিক পরিস্থিতিতে গ্রামটিতে ‘শুভ শক্তির’ অভাব ও অশুভ ছায়ার প্রভাব রয়েছে বলে বিশ্বাস করতে শুরু করেছেন স্থানীয়রা। ক্রমাগত মৃত্যুর মিছিলে দিশেহারা গ্রামবাসী শেষ পর্যন্ত ভিটেমাটি ছেড়ে জঙ্গলে আশ্রয় নেওয়ার চরম সিদ্ধান্ত নিয়েছেন।

গ্রামের বয়োজ্যেষ্ঠ ও পুরোহিতদের পরামর্শে এক বিশেষ ধর্মীয় আলোচনার পর জানানো হয় যে, গ্রামটি বড় ধরনের বিপত্তির সম্মুখীন। এই সংকট থেকে মুক্তি পেতে পুজারিরা বিশেষ অনুষ্ঠানের নির্দেশ দেন। সেই অনুযায়ী, গত বৃহস্পতিবার সকালে গ্রামবাসী তাদের ঘরবাড়িতে তালা লাগিয়ে শিশু ও গবাদি পশুসহ গ্রামের বাইরের জঙ্গল এলাকায় চলে যান। সেখানে তারা তাবু খাটিয়েছেন এবং বিশেষ আচার অনুষ্ঠানের মাধ্যমে দেবতার কৃপা প্রার্থনা করছেন।

বর্তমানে জনশূন্য গাঁদ্রাপল্লী গ্রামে বিরাজ করছে শ্মশানের নীরবতা। এদিকে স্থানীয় সামাজিক কর্মীরা প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, এই গণমৃত্যুর পেছনে দূষিত জল, কোনো সংক্রামক ব্যাধি বা অন্য কোনো বৈজ্ঞানিক স্বাস্থ্যগত কারণ থাকতে পারে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত মেডিকেল ক্যাম্প স্থাপন ও সঠিক কারণ অনুসন্ধান করা জরুরি হয়ে পড়েছে, যাতে অন্ধবিশ্বাস দূর করে গ্রামবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *