ব্র্যান্ডের মোড়কে বিষাক্ত কেমিক্যাল, দিল্লির নকল টুথপেস্ট কারখানার পর্দাফাঁস

রাজধানী দিল্লিতে নামী ব্র্যান্ডের আড়ালে নকল টুথপেস্ট তৈরির এক বিশাল চক্রের হদিশ পেল পুলিশ। দিল্লির কনঝাওলা এলাকার একটি গুদামে হানা দিয়ে ক্রাইম ব্রাঞ্চ এই অবৈধ কারখানার সন্ধান পায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে জনপ্রিয় ব্র্যান্ড ‘সেনসোডাইন’-এর নাম ব্যবহার করে নিম্নমানের ও ক্ষতিকারক কেমিক্যাল মেশানো টুথপেস্ট বাজারে সরবরাহ করা হচ্ছিল। এই ঘটনায় কারখানার মালিক বছর ৫৮-এর হরিওম মিশ্রকে গ্রেপ্তার করা হয়েছে।
তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। কোনো ধরনের গুণমান যাচাই ছাড়াই অত্যন্ত সস্তা ও অনিরাপদ রাসায়নিক দিয়ে এই টুথপেস্ট তৈরি করা হতো। এরপর অত্যাধুনিক মেশিনের সাহায্যে হুবহু আসল ব্র্যান্ডের মতো টিউবে ভরে সিল করে দেওয়া হতো। প্যাকিং এতটাই নিখুঁত ছিল যে সাধারণ ক্রেতাদের পক্ষে আসল ও নকলের পার্থক্য করা প্রায় আসাম্ভব ছিল। এই নকল পণ্য জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ বলে আশঙ্কা প্রকাশ করেছেন তদন্তকারীরা।
অভিযানের সময় পুলিশ ঘটনাস্থল থেকে প্রায় ৩ হাজার ভর্তি নকল টুথপেস্ট টিউব, ১০ হাজারেরও বেশি খালি টিউব এবং বিপুল পরিমাণ প্যাকিং বক্স ও ক্যাপ উদ্ধার করেছে। এছাড়া ড্রাম ভর্তি প্রায় ১৩০ কেজি কাঁচা কেমিক্যাল পেস্ট জব্দ করা হয়েছে। ধৃত মালিক স্বীকার করেছে যে, সে ভাড়ায় নেওয়া গুদামে শ্রমিকদের সাহায্যে বড় আকারে এই কারবার চালাচ্ছিল। এই চক্রের সাথে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।