স্ট্রেট অফ হরমুজ এড়িয়ে বিকল্প রুটে তেল সরবরাহের প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে তৈরি হচ্ছে ৪টি বিশাল পাইপলাইন

বিশ্বজুড়ে তেল ও গ্যাস সরবরাহের ক্ষেত্রে আর এককভাবে স্ট্রেট অফ হরমুজের ওপর নির্ভর করতে চাইছে না মধ্যপ্রাচ্যের দেশগুলো। পারস্য উপসাগরে ইরানের একচেটিয়া প্রভাব কমিয়ে বিকল্প ব্যবস্থা গড়ে তুলতে চারটি নতুন পাইপলাইন নির্মাণের পরিকল্পনা শুরু হয়েছে। ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে ইরানের সম্ভাব্য হুমকি মোকাবিলা করা সহজ হবে এবং আন্তর্জাতিক বাজারে তেলের জোগান আরও স্থিতিশীল হবে।
পরিকল্পিত চারটি পাইপলাইনের মধ্যে অন্যতম হলো ইরাকের কিরকুক থেকে তুরস্কের সেহান পর্যন্ত ৯৭০ কিলোমিটার দীর্ঘ রুট এবং ইরাকের হাদিতা থেকে জর্ডানের আকাবা পর্যন্ত ১১৫৪ কিলোমিটারের একটি প্রকল্প। এছাড়া সংযুক্ত আরব আমিরাত থেকে ওমানের ফুজাইরাহ পর্যন্ত ৩৫৪ কিলোমিটার এবং সৌদি আরবের পূর্ব থেকে পশ্চিমে প্রায় ১২০০ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন নির্মাণের প্রস্তাব রয়েছে। এর ফলে লোহিত সাগর ও ভূমধ্যসাগর হয়ে সরাসরি তেল ও গ্যাস রপ্তানি করা সম্ভব হবে।
এই অবকাঠামোগত পরিবর্তনের পাশাপাশি ‘ইন্ডিয়া মিডল ইস্ট ইকোনমিক করিডোর’ (IMEC) পুনরায় সচল করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। এই করিডোরটি ইজরায়েল, জর্ডান ও সৌদি আরবের মধ্য দিয়ে ভারতের সাথে সংযোগ স্থাপন করবে, যা দক্ষিণ এশিয়ায় জ্বালানি নিরাপত্তার নতুন দুয়ার খুলে দেবে। বিশেষ করে ভারতের সাথে ইরানের সুসম্পর্কের কারণে এই রুটটি অনেক বেশি নিরাপদ ও কৌশলগতভাবে লাভজনক হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।