পকেট কি সবসময় খালি থাকে? এখন ‘ওয়ান উইক রুল’ মেনে চললে আপনি কখনোই হবেন না কাঙাল

স্মার্টফোনের ফ্ল্যাশ সেল বা লিমিটেড পিরিয়ড অফারের হাতছানি এড়িয়ে চলা বর্তমানে বেশ কঠিন কাজ। বিশেষ করে ছুটির দিনগুলোতে বড় ডিসকাউন্ট দেখে আমরা অনেক সময় অপ্রয়োজনীয় জিনিস কেনাকাটা করি, যা পরে আলমারিতে পড়ে থেকে ধুলো খায়। এই অভ্যাসটিকে আর্থিক পরিভাষায় ‘ইমপালস পারচেজ’ বলা হয়। মূলত উত্তেজনার বশে বা অফার হাতছাড়া হওয়ার ভয়ে আমরা হুটহাট সিদ্ধান্ত নিই, যার সরাসরি নেতিবাচক প্রভাব পড়ে আমাদের মাসিক বাজেটের ওপর।
এই সমস্যা থেকে মুক্তি পেতে আর্থিক বিশেষজ্ঞরা ‘ওয়ান-উইক রুল’ বা এক সপ্তাহের নিয়ম মেনে চলার পরামর্শ দিচ্ছেন। নিয়মটি অত্যন্ত সহজ— যখনই কোনো জিনিস কেনার তীব্র ইচ্ছা জাগবে, নিজেকে তৎক্ষণাৎ থামিয়ে দিন এবং ঠিক সাত দিন অপেক্ষা করুন। এই সময়ের মধ্যে গভীরভাবে ভাবুন যে জিনিসটি কি সত্যিই আপনার প্রয়োজন, নাকি মুহূর্তের মোহে কিনতে চাইছেন। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, এক সপ্তাহ পর সেই জিনিসের প্রতি আগ্রহ কমে যায় এবং অহেতুক টাকা সাশ্রয় হয়।
এই সাত দিনের সময়কাল মূলত আপনার মস্তিষ্কের জন্য একটি ‘কুলিং অফ পিরিয়ড’ হিসেবে কাজ করে। এতে আবেগতাড়িত হয়ে খরচ করার প্রবণতা কমে এবং যুক্তিবোধ বৃদ্ধি পায়। সামান্য এই অভ্যাস পরিবর্তন আপনাকে বড় অংকের আর্থিক তহবিল গড়তে সাহায্য করতে পারে। ধরুন, আপনি প্রতি মাসে অপ্রয়োজনীয় কেনাকাটায় ৫,০০০ টাকা খরচ করেন। ওয়ান-উইক রুল মেনে এই টাকা সাশ্রয় করে যদি কোথাও বিনিয়োগ করেন, তবে ১২ শতাংশ বার্ষিক রিটার্ন হিসেবে ৫ বছরে আপনার কাছে ৪ লাখ টাকারও বেশি ফান্ড জমা হতে পারে।