নাইটদের টানা হারের নেপথ্যে কি গ্রিন? সমাধানের পথ বাতলে দিলেন গাভাসকর

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৬৫ রানে পরাজিত হয়ে ব্যাকফুটে কলকাতা নাইট রাইডার্স। ইডেনে অজিঙ্ক রাহানের দলের এই শোচনীয় হারের পর কেকেআর ম্যানেজমেন্টের পরিকল্পনা এবং বিশেষ করে অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। প্রথম দুই ম্যাচে ব্যাট ও বলে ব্যর্থ হওয়া এই অজি ক্রিকেটারের ফর্ম এখন ফ্র্যাঞ্চাইজির জন্য উদ্বেগের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।
প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর দলের কম্বিনেশন নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর মতে, গ্রিন যদি বোলিং না করেন, তবে তাঁর পরিবর্তে একজন বিশেষজ্ঞ ব্যাটার খেলানোই শ্রেয়। গ্রিন চার নম্বরে ঠিক থাকলেও পাঁচ ও ছয় নম্বর পজিশন নিয়ে দুশ্চিন্তা কাটছে না। অন্যদিকে, পীযূষ চাওলা হায়দরাবাদের জয়ের নেপথ্যে হেনরিখ ক্লাসেন ও নীতীশ রেড্ডির জুটিকে কৃতিত্ব দিয়েছেন, যা দলকে বড় স্কোরে পৌঁছে দেয়।
হায়দরাবাদের অলরাউন্ডার নীতীশ কুমারের ফিটনেস ও গতিতে মুগ্ধ গাভাসকর একে ভারতীয় ক্রিকেটের জন্য ইতিবাচক সংকেত হিসেবে দেখছেন। বিপরীতে, আন্দ্রে রাসেলের বিকল্প ভাবা ২৫ কোটির গ্রিন দুই ম্যাচে মাত্র ১৮ ও ২ রান করায় হতাশ সমর্থকরা। টানা দুই হারের পর নাইট শিবির ঘুরে দাঁড়াতে প্রাক্তনীদরে এই পরামর্শ গ্রহণ করে কি না, এখন সেটাই দেখার বিষয়।