পর্দার সেই সুপারহিট জুটির হাইভোল্টেজ লড়াই: ১৬ বছর পর হিরণের বিপক্ষে প্রচারে নামছেন কোয়েল!

বিজেপির তারকা প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায়ের নির্বাচনী বৈতরণী পার করতে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে ঘাসফুল শিবির। খড়গপুর ছেড়ে এবার শ্যামপুর বিধানসভা কেন্দ্রে লড়ছেন হিরণ। একসময়ের পর্দা কাঁপানো জুটির এই লড়াই নিয়ে সরগরম রাজনৈতিক মহল। ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ‘মন যে করে উড়ু উড়ু’ সিনেমার পর দীর্ঘ ১৬ বছর কেটে গেলেও এবার রণক্ষেত্রে মুখোমুখি হচ্ছেন এই দুই তারকা।
তৃণমূল প্রার্থী নদেবাসী জানার সমর্থনে প্রচার করতে শ্যামপুরে আসছেন অভিনেত্রী তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ কোয়েল মল্লিক। ২০১০ সালের পর তাঁদের পর্দার জুটি আর সেভাবে দেখা না গেলেও, রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা তাঁদের একে অপরের প্রতিপক্ষ করে তুলেছে। হিরণ যখন বিজেপির হয়ে শ্যামপুর দখলে মরিয়া, তখন তৃণমূলও তাদের হেভিওয়েট প্রচারকদের ময়দানে নামিয়ে পাল্টাপাল্টি চ্যালেঞ্জ ছুড়ছে।
স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, ৮ বা ৯ মে কোয়েল মল্লিক শ্যামপুরে রোড শো বা জনসভা করবেন। এছাড়া শতাব্দী রায় ও জুন মালিয়ার মতো তারকাদেরও আনার পরিকল্পনা রয়েছে। ইতিমদ্যেই বাবুল সুপ্রিয় সেখানে জনসভা করে গেছেন। সব মিলিয়ে রূপোলি পর্দার এক সময়ের জনপ্রিয় জুটি হিরণ-কোয়েলের এই রাজনৈতিক দ্বৈরথ আসন্ন নির্বাচনে শ্যামপুরের সমীকরণকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।