ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে কী করবেন? ট্রাইবুনালে আবেদনের পদ্ধতি জানাল নির্বাচন কমিশন

ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ব্যক্তিদের জন্য পুনর্বিবেচনার আবেদন পদ্ধতি স্পষ্ট করল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ ও কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণে নিয়োগকৃত বিচারবিভাগীয় আধিকারিকরা বর্তমানে তালিকা নিষ্পত্তির কাজ চালাচ্ছেন। শুক্রবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিশন জানিয়েছে, যে সমস্ত ভোটারদের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে, তারা এখন অনলাইন ও অফলাইন—উভয় মাধ্যমেই ট্রাইব্যুনালে আপিল করতে পারবেন। মূলত বিবেচনাধীন তালিকায় থাকা ব্যক্তিদের অধিকার সুরক্ষিত করতেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
অনলাইনে আবেদনের জন্য ভোটারদের কমিশনের নির্দিষ্ট পোর্টালে (voter.eci.gov.in) গিয়ে ‘সাবমিট অ্যাপিল্স ফর ইন্ডিভিজ়ুয়াল্স’ ট্যাবে ক্লিক করতে হবে। তবে কমিশন স্পষ্ট করে দিয়েছে যে, কেবল পূর্বের বিবেচনাধীন তালিকায় থাকা ব্যক্তিরাই এখানে আবেদন করতে পারবেন; নতুন করে নাম তোলার জন্য এই ট্রাইব্যুনাল ব্যবহার করা যাবে না। অন্যদিকে, অফলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে জেলাশাসক বা মহকুমাশাসকের দপ্তরে গিয়ে সাদা কাগজে নিজের বক্তব্য ও ভোটার কার্ডের নম্বর (এপিক নম্বর) জমা দিতে হবে। কোনো নামের অন্তর্ভুক্তি নিয়ে আপত্তি থাকলেও সংশ্লিষ্ট ব্যক্তির এপিক নম্বর উল্লেখ করে অভিযোগ জানানো যাবে।
কমিশন সূত্রে খবর, জমা পড়া এই সমস্ত আবেদনের চূড়ান্ত নিষ্পত্তি করবেন সংশ্লিষ্ট জেলাশাসকরা। ১৯৫০ সালের আরপি আইনের ধারা এবং কমিশনের নির্ধারিত নির্দেশিকা মেনেই এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় ৬০ লক্ষের বেশি নাম বিবেচনাধীন ছিল, যার মধ্যে ৫৪ লক্ষ নামের নিষ্পত্তি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এই দীর্ঘ প্রক্রিয়ায় প্রায় ৪০ থেকে ৪৫ শতাংশ নাম বাদ পড়েছে। স্বচ্ছতা বজায় রাখতে এবং যোগ্য ভোটারদের সুযোগ দিতেই ট্রাইব্যুনালের এই আইনি জানলা খোলা রাখা হয়েছে।