ব্যারাকপুরে বিজেপির হেভিওয়েট প্রচার: মনোনয়ন পর্বে উপস্থিত থাকতে পারেন রাজনাথ সিং

ভবানীপুরে অমিত শাহের উপস্থিতির পর এবার ব্যারাকপুরে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। আগামী মঙ্গলবার ব্যারাকপুর প্রশাসনিক ভবনে বিজেপি প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে। এই হাই-প্রোফাইল সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রশাসনিক মহলে প্রস্তুতি শুরু হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে শুক্রবার বিকেলে ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলক রাজোরিয়া ও উচ্চপদস্থ পুলিশকর্তারা চিড়িয়া মোড় সংলগ্ন এলাকা পরিদর্শন করেন। মন্ত্রীর যাতায়াতের পথ, প্রার্থীদের গতিবিধি এবং দলীয় সমর্থকদের অবস্থানের জন্য নির্দিষ্ট স্থানগুলো খতিয়ে দেখেন পুলিশ কমিশনার স্বয়ং। ভিড় সামলাতে ও আইনশৃঙ্খলার সুরক্ষায় বিশেষ রুট ম্যাপ তৈরি করছে পুলিশ।
রাজনৈতিক মহলের মতে, গুরুত্বপূর্ণ এই কেন্দ্রে প্রতিরক্ষামন্ত্রীর উপস্থিতি কর্মীদের মনোবল বাড়াতে সাহায্য করবে। মঙ্গলবারই প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারেন এবং সেই লক্ষ্যেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে মহকুমা শাসকের দফতর সংলগ্ন এলাকা। পুরো প্রক্রিয়াটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে তৎপর রয়েছে স্থানীয় প্রশাসন।