নিউটাউনে ডেলিভারি বয়কে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, থানায় তৃণমূল বিধায়ক

রাজারহাট-নিউটাউনের বিজেপি প্রার্থী পীযূষ কানোড়িয়ার প্রচার চলাকালীন অনলাইন সংস্থার এক ডেলিভারি বয়কে মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার নারায়ণপুরের মণিখোলা এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। তৃণমূলের দাবি, এলাকায় অশান্তি সৃষ্টি করতে বিজেপি কর্মীরা ওই যুবককে রক্তাক্ত করেছে। আহত যুবককে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাঁর মাথায় স্ক্যান করা হয়েছে।
এই ঘটনার প্রতিবাদে নারায়ণপুর থানায় গিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বিধায়ক তথা তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ, ওই ডেলিভারি বয় তৃণমূল সমর্থক হওয়ায় তাঁকে একা পেয়ে বেধড়ক মারধর করা হয়েছে। ঘটনার পর অন্যান্য ডেলিভারি বয়রাও থানায় জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তৃণমূলের পক্ষ থেকে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।
অন্যদিকে, মারধরের সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি প্রার্থী পীযূষ কানোড়িয়া। তাঁর দাবি, প্রচারের সময় তৃণমূল কর্মীরা তাঁকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দেয়। তিনি পালটা অভিযোগ করেন যে, এটি একটি সাজানো ঘটনা এবং বিজেপিকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে।