তিন কেন্দ্রে দেবের মেগা রোড শো: উপচে পড়া ভিড় সামলাতে হিমশিম পুলিশ

তৃণমূলের তারকা সাংসদ দেব শুক্রবার উত্তর ২৪ পরগনার আমডাঙা, নৈহাটি ও জগদ্দল বিধানসভা কেন্দ্রে দলীয় প্রার্থীদের সমর্থনে বর্ণাঢ্য প্রচার সারলেন। আমডাঙার প্রার্থী কাশেম সিদ্দিকির সমর্থনে দত্তপুকুর থেকে শুরু হওয়া তাঁর প্রথম রোড শো-তেই জনঅরণ্যের সৃষ্টি হয়। প্রচণ্ড দাবদাহ উপেক্ষা করে প্রিয় তারকাকে দেখতে রাস্তার দু’পাশে ভিড় জমান হাজার হাজার মানুষ, বিশেষ করে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
বিকেলে হেলিকপ্টারে নৈহাটি পৌঁছে প্রার্থী সনৎ দের সমর্থনে মিছিলে অংশ নেন দেব। মাত্র তিন কিলোমিটার পথ অতিক্রম করতে ভিড়ের চাপে প্রায় পৌনে এক ঘণ্টা সময় লাগে। এরপর জগদ্দলের প্রার্থী সোমনাথ শ্যাম ও সাংসদ পার্থ ভৌমিকের উপস্থিতিতে মামুদপুরে প্রচার চালান তিনি। হুডখোলা জিপে চড়ে সাধারণ মানুষকে অভিবাদন জানানোর পাশাপাশি দুই তরুণীকে গোলাপ ফুল উপহার দিয়ে জনসংযোগ করেন এই অভিনেতা-সাংসদ।
প্রচার চলাকালীন দেব কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করে বলেন, অন্য রাজ্যে বাঙালির ওপর হওয়া আক্রমণ সুস্থ রাজনীতির লক্ষণ নয়। বাংলায় ভিন রাজ্যের মানুষ নিরাপদ থাকলেও বাইরে বাঙালিদের মার খেতে হচ্ছে কেন, সেই প্রশ্ন তোলেন তিনি। উন্নয়নের খতিয়ান তুলে ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং তৃণমূল প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে তাঁর প্রচার কর্মসূচি শেষ করেন দেব।