শারীরিক প্রতিবন্ধকতা হার মানল আবেগের কাছে: হুইলচেয়ারে তিন কিমি পেরিয়ে অভিষেকের সভায় মিঠু

পুরুলিয়ার জয়পুর বিধানসভার বামনিয়া ডাকবাংলো ময়দানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় নজর কাড়লেন এক অনন্য অনুরাগী। শ্রবণশক্তিহীন ও বিশেষভাবে সক্ষম প্রবীণ তৃণমূল কর্মী মিঠু কর্মকার তাঁর বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার পথ হুইলচেয়ারে পাড়ি দিয়ে সভাস্থলে পৌঁছান। শুধুমাত্র প্রিয় নেতাকে চোখের দেখা দেখতেই তাঁর এই কঠিন যাত্রা।
দলের জন্মলগ্ন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ সৈনিক হিসেবে পরিচিত মিঠু। ব্লক প্রশাসন থেকে পাওয়া সাধারণ হুইলচেয়ারে চাকা ঘুরিয়ে কড়া রোদের মধ্যেই তিনি হাজির হন তৃণমূল প্রার্থী অর্জুন মাহাতোর সমর্থনে আয়োজিত এই সভায়। তাঁর কথায়, নেত্রী যখন গাছের তলায় সভা করতেন, তিনি তখন থেকেই দলের সঙ্গে রয়েছেন। শারীরিক সীমাবদ্ধতা থাকলেও দলের প্রতি অদম্য টান তাঁকে ঘরে আটকে রাখতে পারেনি।
দীর্ঘ পথ যাতায়াতে শারীরিক সমস্যার কারণে মিঠু নেতৃত্বের কাছে একটি ইলেকট্রিক হুইলচেয়ারের আবেদন জানিয়েছেন। তাঁর এই একনিষ্ঠ আনুগত্য দেখে তৃণমূল প্রার্থী অর্জুন মাহাতো ব্যক্তিগত উদ্যোগে ইলেকট্রিক হুইলচেয়ারের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন। রাজনীতির লাভ-ক্ষতির ঊর্ধ্বে মিঠুর এই নিঃস্বার্থ লড়াই বর্তমান সময়ে দলীয় কর্মীদের কাছে এক বড় অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে।