বীরভূমে আচরণবিধি ভঙ্গের অভিযোগ: তৃণমূলের শাড়ির কুপন বিলি নিয়ে তুঙ্গে বিতর্ক

বীরভূমে আচরণবিধি ভঙ্গের অভিযোগ: তৃণমূলের শাড়ির কুপন বিলি নিয়ে তুঙ্গে বিতর্ক

বীরভূমে লোকসভা নির্বাচনের আদর্শ আচরণবিধি লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠল শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সাঁইথিয়া বিধানসভার বনগ্রাম অঞ্চলে তৃণমূলের পক্ষ থেকে বাড়ি বাড়ি শাড়ির কুপন বিলি করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে বিজেপি। জেলা বিজেপি সভাপতি উদয়শঙ্কর বন্দ্যোপাধ্যায় কুপনের ছবি এবং হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট জনসমক্ষে এনে তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের প্রলোভন দেখানোর দাবি করেছেন।

বিজেপির পেশ করা তথ্য অনুযায়ী, স্থানীয় পঞ্চায়েত সদস্য ও উপপ্রধান হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে এই কুপন বিতরণের নির্দেশ দিয়েছিলেন। ছবিতে কুপনের ওপর জোড়াফুল প্রতীকের পাশাপাশি শাড়ির ছবিও দেখা গেছে। পদ্ম শিবিরের দাবি, পরাজয় নিশ্চিত জেনে মরিয়া তৃণমূল ভোটারদের প্রভাবিত করতে এই কৌশল নিয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে বিজেপি জেলা নেতৃত্বের পক্ষ থেকে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়ে কঠোর পদক্ষেপের দাবি জানানো হয়েছে।

পাল্টা প্রতিক্রিয়ায় তৃণমূলের স্থানীয় উপপ্রধান কুপন ছাপানোর কথা স্বীকার করে নিলেও সেটিকে নির্বাচনি প্রচারের অংশ হিসেবে দাবি করেছেন। অন্যদিকে, হরিসরা অঞ্চলেও বিজেপির দলীয় পতাকা ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। তৃণমূলের কোর কমিটির কনভেনার অনুব্রত মণ্ডলের সফরের আগে এই ‘কুপন-কাণ্ড’ সাঁইথিয়ার রাজনৈতিক আবহকে যথেষ্ট উত্তপ্ত করে তুলেছে। কমিশন কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *